ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর দায়ের করা রিট আবেদনের শুনানিতে বিব্রত বোধ করেছে হাইকোর্ট।
রিটটির বিষয়ে পরবর্তী আদেশের জন্য আদালত প্রধান বিচারপতির কাছে নথি পাঠিয়ে দিয়েছে।
রোববার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ রিটটির শুনানিতে বিব্রত বোধ করেন।
গত বৃহস্পতিবার এই বেঞ্চে গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন নিজামী।
রিটে মামলার কার্যক্রম স্থগিত করার আবেদন জানানো হয়। মামলাটি দায়ের ও এর কার্যক্রম চালিয়ে নেওয়াকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবেনা সরকারের প্রতি তার আদেশ জারিরও আবেদন জানানো হয়েছিল ওই রিটে।
আদালত আদেশে বলেন, "যেহেতু আমাদের মধ্যে একজন রিটটির শুনানিতে বিব্রত বোধ করেছেন তাই নথিটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলো।"
বিচারকরা শুনানিকালে আদালতের এখতিয়ারসহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদপত্রে প্রকাশিত খবরের উল্লেখ করেন।
রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
গ্যাটকো দুর্নীতি মামলায় গত ১৮ মে জামায়াত নেতা নিজামীকে গ্রেপ্তার করা হয়। ১৪ জুলাই হাইকোর্ট তাকে এ মামলায় জামিন মঞ্জুর করার পরদিন তিনি মুক্তি পান। দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার শীর্ষ নেতাদের মধ্যে জামায়াত আমীরই নিয়মিত জামিনে মুক্তি পাওয়া প্রথম নেতা।
গতবছরের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও মতিউর রহমান নিজামীসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরোর উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
মামলায় গ্যাটকোকে অনিয়মের মাধ্যমে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ দিয়ে রাষ্ট্রের এক হাজার কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।
এ বছর ১৩ মে খালেদা জিয়া ও মতিউর রহমান নিজামীসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর আগে দুদক ১১ মে অভিযোগপত্র দাখিলের জন্য অনুমোদন দেয়। মামলাটি বর্তমানে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৬২৩ঘ.
bdnews24