২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোতে আশাবাদী দেলোয়ার নিরাশ শামীমে

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মুক্তিকে ইতিবাচক বলে মন্তব্য করলেও এর পরপরই সাবেক প্রধানমন্ত্রীর ছোট ভাই শামীম এস্কান্দারের গ্রেপ্তারে হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 09:22 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মুক্তিকে ইতিবাচক বলে মন্তব্য করলেও এর পরপরই সাবেক প্রধানমন্ত্রীর ছোট ভাই শামীম এস্কান্দারের গ্রেপ্তারে হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শামীমের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় খোন্দকার দেলোয়ার শনিবার ন্যাম ফ্ল্যাটে তার বাসায় সাংবাদিকদের বলেন, "কোনও অভিযোগ ছাড়া যেভাবে, যে সময়ে, যে স্থান থেকে শামীম এস্কান্দারকে আটক করা হয়েছে, তা আমরা সমর্থন করি না। অসুস্থ আরাফাত রহমান কোকোকে ছেড়ে দেওয়ায় জনমনে আশার সঞ্চার হয়েছিল। কোকোর মুক্তিতে আমরা যখন সামান্য আলোকচ্ছটা দেখছিলাম, তখনই শামীমের আটকের ঘটনা আবার নিরাশার সৃষ্টি করেছে।" আরাফাত রহমান কোকোকে গত বৃহস্পতিবার সাত শর্তে দুই মাসের জন্য মুক্তি দেয় সরকার। চিকিৎসার জন্য শনিবার তিনি ব্যাংককে রওনা হয়েছেন। কোকোর মামা শামীম এস্কান্দারকে শুক্রবার জরুরি বিধিমালায় গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। শামীমের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা তদন্তাধীন। খোন্দকার দেলোয়ার বলেন, "শামীম এস্কান্দার তো আত্মগোপন করে ছিলেন না। তিনি তো তার বাসায় থাকেন। ভাগ্নেকে দেখতে এসে মামা আটক হয়েছেন। এটা আমরা সমর্থন করি না। এই আটকের ফলে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আমরা পুরোপুরি আশাবাদী হতে পারছি না।" কারাবন্দি খালেদা জিয়ার ওপর মানসিক চাপ সৃষ্টি করতে তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে শামীম এস্কান্দারকে অহেতুক হয়রানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান খোন্দকার দেলোয়ার। কোকোর সাময়িক মুক্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তকে 'ইতিবাচক' মন্তব্য করে একইভাবে তারেক রহমানকেও মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর আহ্বান জানান বিএনপি নেতা। পাশাপাশি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিও দাবি করেন তিনি। তারেক রহমানের মুক্তি প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়ে দেলোয়ার বলেন, "মুক্তি দিতে দেরি হলে তারেক রহমান পঙ্গু হয়ে যেতে পারেন।" সংলাপ ও অর্থবহ নির্বাচনের পরিবেশ তৈরির স্বার্থে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি জরুরি- এ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, "আমরা নেত্রীকে নিয়ে সংলাপে যেতে চাই। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে চাই।" তবে কোনও ধরনের 'পাতানো' নির্বাচনে বিএনপি ও চারদলীয় জোট অংশ নেবে না বলে জানান তিনি। বিশেষ আদালতে বিচার প্রক্রিয়াকে প্রহসন আখ্যা দিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই প্রচলিত আইনে বিচার হতে হবে। সাজানো বিচারে, সাজানো সাজা দিয়ে সুবিচার প্রতিষ্ঠিত হবে না।" সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাবউদ্দিন, শাহ নূরুল কবীর শাহিন, হেলেন জেরিন খান, ফাহিমা হোসেন জুবলি, সাবেক ছাত্র নেতা হাবিবউন নবী খান সোহেল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/জিএনএ/১৫১৭ ঘ.