ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। তাই নির্দিষ্ট সময়ে নির্বাচনই দেশের 'ভুলণ্ঠিত' গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারে।
তিনি বৃহস্পতিবার বিকালে লন্ডনে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে তিনি আরও বলেন, "জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশের জন্য কোন অর্থবহ সুফল বয়ে আনবে না।"
স্থানীয় সাংবাদিক ওয়াহিদ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
ওয়াহিদ জামান জানান, চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পাওয়া শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। নিজের সম্পর্কে তিনি বলেন "দীর্ঘ সময় কারাগারে রাখা হলেও আমার মনোবল এতটুকু কমাতে পারেনি।"
চিকিৎসার জন্য সাময়িক মুক্তি লাভের পর লন্ডনে এটিই শেখ হাসিনার প্রথম কোন কর্মী সভা।
এদিকে, বৃহস্পতিবার সকালে লন্ডনে পৌঁছান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনিসহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ, ব্রিটিশ পার্লামেন্টরিয়ান অ্যান মেইন, ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশনের প্রতিনিধি চার্লস ট্যানক, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি শামসুদ্দিন খান, এম এ রহিম, আনোয়ারুজ্জামান চৌধূরী প্রমুখ।
গত ১৪ জুলাই ছোটবোন শেখ রেহেনার ছেলে রেদোয়ান সিদ্দিক ববির আক্দ শেষে ফিনল্যান্ড থেকে লন্ডনে আসেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/১২১৭ ঘ.
bdnews24