২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাগ ভর্তি টাকায় পকেটে সদাই নিয়ে ফিরছে মানুষ: মনজুরুল

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির তীব্র সমালোচনা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, "আগে পকেটে টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি সদাই আনা যেত, আর এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে পকেটে সদাই নিয়ে ফিরতে হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের উর্ধ্বগতির তীব্র সমালোচনা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, "আগে পকেটে টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি সদাই আনা যেত, আর এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে পকেটে সদাই নিয়ে ফিরতে হয়।" সিপিবি'র ঢাকা কমিটির অষ্টম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে ওই অনুষ্ঠানে মনজুরুল আহসান খান অভিযোগ করেন, "সরকারের ইচ্ছা অনুযায়ী এখন কারো জামিন হয়, আবার জামিন বাতিল হয়।" অনুষ্ঠানে সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেওয়ায় সমালোচনা করে বলেন, "লুটপাটকারীদের ছেড়ে দিয়ে দেশকে আবার অন্ধকারের দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ ওয়ান ইলেভেনের আগে যেমন ফিরে যেতে চায় না, তেমনি বর্তমানে যে অবস্থা চলছে সেটাও মেনে নেবে না।" ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিপিবি নেতা মোর্শেদ আলী, এ এন রাশেদা, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. তনুজ কান্দি দে, সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব লাভলু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব প্রমুখ। শুক্রবার কাউন্সিলে সিপিবি'র ঢাকা কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/২২৩৫ ঘ.