২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ মামলায় অভিযোগ গঠনের শুনানি অব্যাহত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি অব্যাহত রয়েছে। আগামী ২১ জুলাই শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি অব্যাহত রয়েছে। আগামী ২১ জুলাই শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে। বুধবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার সংসদ ভবনে স্থানান্তরিত বিশেষ এজলাসে বসে এ দিন ধার্য করেন। এদিন এ মামলার অভিযোগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। সকাল সোয়া ১০ টার দিকে আদালত শুরু হলে দুই আসামির পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ ও অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান শুনানিতে অংশ নেন। বেলা ১২ টার দিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি দেওয়ান আবু আব্বাসের মৃত্যুর খবর আদালতে পৌঁছুলে বিচারক আদালত মুলতবি করেন। চিকিৎসার জন্য শেখ হাসিনা বিদেশ যাওয়ায় মঙ্গলবার তার পক্ষে অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে হাজিরা দেন। মামলার অন্য ছয় আসামির মধ্যে পাঁচজন এদিন আদালতে উপস্থিত ছিলেন। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাওয়ায় সাবেক সেনা প্রধান মুস্তাফিজুর রহমান আদালতে আসেননি। তার পক্ষে হাজিরা দেন রেজাউর রহমান। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়। এতে অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ২০০৩ সালের ২৯ জানুয়ারি শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই শেখ হাসিনা মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত করে। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের মালিক ব্যবসায়ী নূর আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৮০০ ঘ.