বগুড়া, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অক্টোবরে একসঙ্গে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
তিনি বলেন, "ইতোমধ্যে নির্বাচন কমিশন অক্টোবরে তিনশ-এর মতো উপজেলায় নির্বাচন করার কথা ঘোষণা করেছে। ওই সময় সংসদ নির্বাচন করাও সম্ভব।"
মঙ্গলবার বগুড়া শহরের খান্দার এলাকায় মৌচাক কমিউনিটি সেন্টারে জেলা এলডিপির কর্মী সম্মেলনে অলি এ কথা বলেন।
তিনি বলেন, "এ সরকারের একমাত্র সাংবিধানিক এখতিয়ার সংসদ নির্বাচন করা। এখতিয়ার বহির্ভূতভাবে আগে উপজেলা নির্বাচন করলে সংসদ নির্বাচন প্রলম্বিত হবে বলে মানুষ যে সন্দেহ করছে, অক্টোবরে একসঙ্গে দুটি নির্বাচন করলে সে সন্দেহ দূর হবে।"
তিনি এ সরকারকে অসাংবিধানিক উল্লেখ করে দ্রুত নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।
জেলা এলডিপি সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য করিম আব্বাসী, সৈয়দ দিদার বখ্ত, মামদুদুর রহমান চৌধুরী, যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোড়ল আমজাদ হোসেন, জেলা এলডিপি সহ-সভাপতি ডা. পিয়ারা ইসলাম, সাধারণ সম্পাদক মীর্জা সেলিম রেজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৭ ঘ.
bdnews24