চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে আগামী ৪ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশিরুল্লাহ মামলার শুনানি শেষে এ নির্দেশ দেন।
গত বছর ৭ মার্চ রাতে যৌথবাহিনী মেয়র মহিউদ্দিনকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
গত ৭ জুলাই মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে আয়কর ফাঁকি এবং আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর উপ-সহকারী কমিশনার মো. জিয়াউল হক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুনানি শেষে এ আদালত মামলাটি আমলে নিয়েছে। একইসঙ্গে আসামিকে আগামী ৪ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, মেয়র মহিউদ্দিন চৌধুরী তার আয়কর বিবরণীতে ১ কোটি ১৩ লাখ ২৯ হাজার ১৫ টাকার সম্পদ হিসাব গোপন করেছেন এবং এর বিপরীতে ২৭ লাখ ৫৮ হাজার ৬০৭ টাকা কর ফাঁকি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৮১১ ঘ.
bdnews24