ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের জন্য অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার কমিশনের নিয়মিত প্রেসব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ কথা জানান।
তিনি জানান, কোকোর বিরুদ্ধে ২ কোটি ৪ লাখ ৬১ হাজার ২'শ ৭ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন এবং এর তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
গত ২৩ এপ্রিল রমনা থানায় কমিশনের উপপরিচালক মো. আবু সাইদ বাদি হয়ে কোকোর বিরুদ্ধে মামলাটি করেন।
এতে অভিযোগ করা হয়, কোকো কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে ২ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন ও ১১ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করছেন।
গত বছরের ১৮ ডিসেম্বর কোকোর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। এর জবাবে কারা কর্তৃপক্ষের মাধ্যমে চলতি বছরের ১০ জানুয়ারি ৮ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৪৮১ টাকার সম্পত্তির হিসাব জমা দেন তিনি। এই হিসাবে তিনি দেনা দেখান ৩৪ লাখ ৪ হাজার ৭০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৯১৫ ঘ.
bdnews24