২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আজমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হাইকোর্টের নির্দেশ

সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমকে আগামী ১০ দিনের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 01:41 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমকে আগামী ১০ দিনের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ মির্জা আজমের মামলা বাতিল ও জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন। তবে তাকে আগামী ১০ দিন গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। আদেশের পর মির্জা আজমের কৌসুলি ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মির্জা আজমকে ১০ দিনের মধ্যে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে না। হাইকোর্ট তার জামিন আবেদন বিবেচনা করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে হাজির হয়ে মির্জা আজম মামলা বাতিল ও জামিন আবেদন করেন। মির্জা আজম যেহেতু হাইকোর্টে হাজির হয়ে আবেদন দায়ের করেছেন তাই সোমবার আদালতের কার্যদিবস শেষ না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার না করার জন্য তখনই পুলিশকে নির্দেশ দেয় হাইকোর্টের এই বেঞ্চ। আদালতের আদেশের পর মির্জা আজম সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করব। আশা করছি আদালতে ন্যয় বিচার ও জামিন পাব। আইনি লড়াই চালিয়ে যাব।" বিকেল চারটায় মির্জা আজমের আবেদনের ওপর শুনানি শুরু হয়। তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। শুনানিতে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী নির্ধারিত ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দায়ের করা বাধ্যতামূলক। কিন্তু মির্জা আজমের এ মামলায় ১৭৯ দিন পর অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাই এ মামলার কার্যক্রম চলতে পারে না। এর জবাবে কমিশনের কৌসুলী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, কমিশনের আইনে বলা আছে ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে তদন্তকারী কর্মকর্তাকে। এই সময়ে তদন্ত শেষ না হলে আরও ১৫ দিন সময় পাবেন তিনি। এর পরও তদন্ত শেষ করতে না পারলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু মামলার কার্যক্রম আর চলতে পারবে না- এটা হতে পারে না। কারণ ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধানটি নির্দেশনামূলক, বাধ্যতামূলক নয়। জবাবে ব্যারিস্টার শফিক বলেন, ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে না পারলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। সেই তদন্তকারী কর্মকর্তা ৬০ দিন পর কিভাবে তদন্ত করলেন এবং প্রতিবেদন দিলেন?- এসব কারণে মির্জা আজম জামিন পেতে পারে। আদালত বলেন, এ মামলায় মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাই হাইকোর্ট এ অবস্থায় তাকে জামিন দিতে পারে না। তার এ আবেদনের শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই যুবলীগের নেতাকর্মীরা হাইকোর্টে ভিড় করে। গত ১০ জানয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোবারা খানম রমনা থানায় মির্জা আজমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করেন। তার বিরুদ্ধে ৫৬ লাখ ২০ হাজার জ্ঞাত আয় বহিভর্ূূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে প্রায় ৩৪ লাখ সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধভাবে প্রায় ৫৩ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ এনে গত ৭ জুলাই মির্জা আজমের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহেমদ ও তার স্ত্রী মমতাজ আহমেদকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন মঞ্জুর করেছে। রেদোয়ানকে এক মাসের জামিন ও তার স্ত্রীকে দুই মাসের জামিন দিয়েছে আদালত। একইসঙ্গে এ মামলায় তার স্ত্রীর বিরুদ্ধে নিম্ন আদালতের কার্যক্রমও দুই মাসের জন্য স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। তবে আদালত মামলায় রেদোয়ানের বিরুদ্ধে কার্যক্রম স্থগিত করেনি। গত বছর ডিসেম্বর মাসে রমনা থানায় রেদোয়ান আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে কমিশন। তাদের পক্ষেও হাইকোর্টে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ। আর কমিশনের পক্ষে ছিলেন মোয়াজ্জেম হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এমএ/১৯১০ ঘ.