ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভায় নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার। এদিন সন্ধ্যার পরই নিশ্চিত হওয়া যাবে, নির্বাচনে কারা কারা প্রার্থী থাকছেন। সোমবার এসব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এর পরদিন থেকেই শুরু হবে নির্বাচনী প্রচারণা।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (পৌর ও পল্লী) সৈয়দ মো. খুরশীদ আনোয়ার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখের পরদিনই প্রকৃত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে প্রার্থীর পছন্দকে (মনোনয়নপত্রে লিপিবদ্ধ প্রতীক) অগ্রাধিকার দেওয়া হবে।"
এক প্রতীক একের বেশি ব্যক্তি চাইলে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে বলে নির্বাচন কর্মকর্তারা জানান।
উপ নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো পরিপত্র অনুযায়ী, সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য নির্ধারিত রয়েছে ২০টি প্রতীক, সংরক্ষিত আসনের কাউন্সিলরদের জন্য ১৮টি এবং সাধারণ আসনের কাউন্সিলরদের জন্য ৩০টি। পৌরসভায় মেয়র পদে নির্বাচনের জন্য ১০টি, সংরক্ষিত আসনের কাউন্সিলরদের জন্য ৮টি এবং সাধারণ আসনের কাউন্সিলনের জন্য ১২টি প্রতীক রাখা রয়েছে।
সিটি কর্পোরেশনের প্রার্থীদের জন্য ৬৮টি ও পৌরসভায় ৩০টি নির্ধারিত প্রতীকের বাইরে অতিরিক্ত প্রতীকের একটি তালিকাও করেছে নির্বাচন কমিশন। প্রার্থীর সংখ্যা বেশি হলে অতিরিক্ত তালিকা থেকে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (পৌর) মো. আবদুল বাতেন বলেন, "নির্ধারিত প্রতীকের চেয়ে প্রার্থী বেশি হলে রিটার্নিং অফিসার অতিরিক্ত তালিকা থেকে প্রতীক বরাদ্দ করবেন। এক্ষেত্রে নির্ধারিত প্রতীক বাদ দিয়ে অতিরিক্ত তালিকা থেকে বরাদ্দ না দেওয়ার নির্দেশনা রয়েছে।"
সোমবার প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারণা শুরু করবে প্রার্থীরা। যেসব এলাকায় নির্বাচন হবে, সে সব এলাকায় জরুরি অবস্থা শিথিল করেছে সরকার। প্রার্থিতা প্রত্যাহারের পরদিন অর্থাৎ আগামী ১৪ জুলাই থেকে ওইসব এলাকায় নির্বাচনী সভা, সমাবেশ ও মিছিল করা যাবে।
তফসিল অনুযায়ী আগামী ৪ আগস্ট এই ১৩টি এলাকায় একযোগে ভোটগ্রহণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২৫৬ ঘ.
bdnews24