ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতিও দিয়েছে আদালত।
রোববার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ আদেশ দেন।
আগামী ২৭ জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
রোববার শেখ হাসিনার পক্ষে আদালতে হাজিরা দেন অ্যাডভোকেট সাহারা খাতুন।
শেখ হাসিনা গত ১৯ জুন এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
গত ২ জুলাই শেখ সেলিমের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। ওইদিন রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়।
প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আজম জে চৌধুরী। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন।
গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিদেশে চিকিৎসার জন্য শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ জুন তাকে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, নাইকো মামলা, মিগ ২৯ জঙ্গি বিমান ক্রয় দুর্নীতি মামলা ও ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত ১১ জুন শেখ হাসিনাকে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। এর পরদিনই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১১১০ ঘ.
bdnews24