ঢাকা, জুলাই, ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আজগর লবির বিরুদ্ধে ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করে দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ মামলাটি বাতিলের লবির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন এ মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবেনা সরকারকে আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে।
গত বছরের ১ জুলাই পুলিশের সাব ইনসপেক্টর সাইদুর রহমান খুলনার বটিয়াঘাটা থানায় আলী আজগর লবিসহ ১২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
মামলায় তার বিরুদ্ধে ৯০ টি ত্রানের ঢেউটিন আত্মসাত করে খুলনার সাচিবুনিয়া দাখিল মাদ্রাসায় ব্যবহার করার অভিযোগ আনা হয়।
গত বছর ৭ ফেব্র"য়ারি লবিকে গ্রেফতার করা হয়েছিল।
লবির পক্ষে মামলা বাতিলের আবেদনের ওপর শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট নাজমুল হুদা বলেন, মিথ্যা অভিযোগে লবির বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটিতে লবির বিরুদ্ধে এখনও অভিযোগ পত্র দেওয়া হয়নি। এ মামলার বিচার নিষ্পত্তি হতে বিলম্ব হবে। তাই মামলাটির কার্যক্রম স্থগিত রাখা প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএ/১৭০৬ ঘ.
bdnews24