২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করা সম্ভব। বুধবার সকালে ঢাকায় দারিদ্র্য বিমোচন বিষয়ক প্রথম বিমসটেক সম্মেলন উদ্বোধন করে তিনি জোটটির সদস্যদের মধ্যে দারিদ্র্য দূরীকরণের অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 07:10 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, ০৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করা সম্ভব। বুধবার সকালে ঢাকায় দারিদ্র্য বিমোচন বিষয়ক প্রথম বিমসটেক সম্মেলন উদ্বোধন করে তিনি জোটটির সদস্যদের মধ্যে দারিদ্র্য দূরীকরণের অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন। (আরো তথ্যসহ) সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। প্রধান উপদেষ্টা বলেন, "আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে বিশ্বের অনেক অঞ্চলেই বাণিজ্য, শিল্প, আর্থিক সহযোগিতা, প্রযুক্তি এবং সর্বোপরি মানুষের জীবনযাত্রার মনোন্নয়নে ভালো ফল পেয়েছে।" আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে দারিদ্র্য হ্রাস ও উন্নয়নে সুদূরপ্রসারী ফল পাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বিমসটেক বঙ্গোপসাগরীয় কয়েকটি দেশের জোট যার পুরো নাম 'বে-অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন'। ১৯৯৭ সালে এটি গঠিত হয়। জোটটির ২০০৪ সালের ব্যাংকক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় এই সম্মেলন হচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে দারিদ্র্য বিমোচনের অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দারিদ্র্য হ্রাস করায় নিজস্ব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জোটের দেশগুলো পরস্পর উপকৃত হতে পারে। সভাপতির ভাষণে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সারাবিশ্বে বিমসটেক সদস্য দেশগুলোতেই দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। তিনি আরো বলেন, বিশ্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি খাদ্য প্রাপ্যতার অনিশ্চয়তা দারিদ্র্যসীমার নিচের মানুষের জন্য সমস্যা সৃষ্টি করছে। মন্ত্রিপর্যায়ের এই সম্মেলনের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে কিছু কার্যকর পথ বের হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীও বক্তব্য রাখেন। বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ডকে নিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই আঞ্চলিক জোট গঠিত। জোটের দেশগুলোর মোট জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ২০ শতাংশ বা ১৪০ কোটি। জোটের মোট জিডিপি ৭৫০ বিলিয়ন মার্কিন ডলার। সম্মেলনে বাংলাদেশের অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম, ভুটানের অর্থমন্ত্রী লিওনপো ওয়াংদি নোরবু, ভারতের পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্র শেখর সাহু, মিয়ানমারের জাতীয় পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন উপমন্ত্রী কর্নেল থুয়াইন জাও, নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের সদস্য ড. পোশ রাজ পান্ডে, শ্রীলঙ্কার নেশন বিল্ডিং এস্টেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মন্ত্রী স্লিন্দা দেশনায়েক, থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা মন্ত্রী চাভারাত চার্নভিরাত অংশ নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/১৪৪১ঘ.