ঢাকা, জুলাই, ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে নির্বাচন কমিশন ও সরকারকে উকিল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।
বৃহস্পতিবার দুপুরে ফ্যাক্সযোগে নির্বাচন কমিশন, মন্ত্রিপরিষদ সচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে সুপ্রিম কোর্টের আইনজীবী গিয়াসউদ্দিন আহমেদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট এ বি এম নুরুল ইসলাম এই উকিল নোটিশ দেন।
নোটিশে আগামী রোববার বিকেলের মধ্যে ঘোষিত তফসিল বাতিল বা প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। এই সময়ের মধ্যে তফসিল বাতিল বা প্রত্যাহার না করা হলে আগামী সোমবার হাইকোর্টে 'রিট' করা হবে বলে এ বি এম নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গত ২০ জুন নির্বাচন কমিশন চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৪ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
লিগ্যাল নোটিশে বলা হয়, ঘোষিত তফসিল সংবিধানের ১১৯ অনুচ্ছেদ পরিপন্থী। ওই অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের কাজ হচ্ছে জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচন করা। ওই নির্বাচন না করে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা অবৈধ।
অ্যাডভোকেট এ বি এম নুরুল ইসলাম বলেন, কোন নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ভোটার তালিকা ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণা করা যায় না। ভোটার তালিকা প্রকাশের আগে যে তফসিল ঘোষণা করা হয়েছে তা অবৈধ ও অসাংবিধানিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএ/১৬১০ঘ.
bdnews24