ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়ায় আওয়ামী লীগের সমালোচনা করে চেয়ারপারসন মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার বলেছেন, "আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাত করে পাতানো নির্বাচনে অংশ নিচ্ছে।"
তবে একইসঙ্গে তিনি বলেছেন, খালেদা জিয়া, তার দুই ছেলে ও মতিউর রহমান নিজামীর মুক্তির ব্যাপারে সরকার কী পদক্ষেপ নেয় তার ওপরই চার দলীয় জোটের স্থানীয় নির্বাচনে যাওয়া না যাওয়া নির্ভর করছে।
রোবাবার বিকেলে জোটের শরীক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজধানীর বারিধারায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর বাসায় এ বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া নিয়ে আলোচনা হয়।
খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়া ও মতিউর রহমান নিজামীর মুক্তি, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বিদেশে পাঠানো এবং জরুরি অবস্থা প্রত্যাহারের দাবির বিষয়ে সরকারের সিদ্ধান্ত দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। দেখি সরকার এ বিষয়ে কী করে?"
বিএনপিসহ চার দলীয় জোটের অনেকেই স্থানীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলছেন। এ অবস্থায় জোট স্থানীয় সরকার নির্বাচনে যাবে কি না- এ প্রশ্নের সরাসরি জবাব চাইলে দেলোয়ার বলেন, "দলীয় ভাবে আমরা প্রার্থী দিচ্ছি না। কেউ নির্বাচন করতে চাইলে নিজ দায়িত্বে করবেন। এখনো সময় আছে। আমরা কোনো পাতানো নির্বাচনে যাব না।''
আওয়ামী লীগ সরকারের সঙ্গে 'আঁতাত' করে 'পাতানো নির্বাচনে' যাচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন "অতীতেও আওয়ামী লীগ অনেকবার আঁতাত করেছে।"
তিনি অভিযোগ করেন, "কিছু বিদেশি রাষ্ট্রের মদদে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ১১ জানুয়ারির (২০০৭ সালের) ঘটনা ঘটিয়েছিল; দেশের মানুষ তা জানে। সরকারের সঙ্গে আঁতাতের পর আওয়ামী লীগের জিল্লুর রহমান ও প্রধান উপদেষ্টার বক্তব্যের সুর এক রকম মনে হচ্ছে।"
দেলোয়ার আরও বলেন, "স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি (জিল্লুর রহমান) বলেছিলেন এটা (তফসিল) সরকারের তামাশা। এর কয়েকদিন পর তিনি বললেন, গণতন্ত্রের স্বার্থে তার দল স্থানীয় সরকার নির্বাচনে যাবে। তারা অতীতেও এভাবে জনগণের সঙ্গে প্রতারণা করছে।"
খালেদা, নিজামী ছাড়াও ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, এম কে আনোয়ারসহ কারাবন্দি সব নেতার মুক্তি দাবি করে তিনি বলেন, "সরকার তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য মিথ্যা মামলায় আটক রেখেছে।"
অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সহ সভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, সাবেক সাংসদ দেলোয়ার হোসাইন সাঈদী, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইছহাক, যুগ্ম মহাসচিব শফিকুর রহমান, মহানগর নেতা আলী আজগর, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী ও সাবেক সাংসদ মুফতি মোহাম্মদ ওয়াক্কাস বৈঠকে অংশ নেন।
নির্বাচন কমিশন গত ২০ জুন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে। সে অনুযায়ী, আগামী ৪ আগস্ট দেশের চারটি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগ শুরুতে এ তফসিল প্রত্যাহার ও সবার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানালেও গত শুক্রবার দলটি জানায়, কমিশন ঘোষিত তারিখেই তারা সিটি ও পৌর নির্বাচনে অংশ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২১১৭ ঘ.
bdnews24