ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সিদ্ধান্ত 'ইতিবাচক' মন্তব্য করে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, এতে তিনি 'ভালো ফিল' করছেন।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের এ নির্বাচন প্রতিহতের ঘোষণার বিষয়ে তার বক্তব্য- "অপেক্ষা করুন, রাজনীতিতে শেষ কথা বলে কিছূ নেই।"
সাখাওয়াত হোসেন আশা করছেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা পাবেন তারা। সংশ্লিষ্ট এলাকাগুলোতে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
এই নির্বাচন কমিশনার আবারও জানিয়েছেন, যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনের কোনও সংশয় নেই।
সাখাওয়াত হোসেন রোববার নির্বাচন কমিশনে তার কার্যালয়ে স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, "স্থানীয় নির্বাচন রাজনৈতিক দলের নির্বাচন না হলেও স্থানীয় রাজনীতিবিদরাই এতে অংশ নেন। নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এজন্যে রাজনৈতিক দলগুলোকে পূর্ণ সহযোগিতা প্রয়োজন। আর তা পাব বলেই আশা করছি।"
নির্বাচন কমিশন (ইসি) গত ২০ জুন চারটি সিটি কর্পোরেশন এবং ৯টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। সে অনুযায়ী আগামী ৪ আগস্ট এসব স্থানে ভোটগ্রহণ হবে। আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়।
নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের সিদ্ধান্ত স্বাগত জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "আওয়ামী লীগ আসন্ন সিটি ও পৌর নির্বাচনকে স্থানীয় নির্বাচন হিসাবে দেখছে এবং নির্বাচনে অংশ নেওয়া সিদ্ধান্ত নিয়েছে। এতে 'ভালো ফিল করছি'। এটা ইতিবাচক।"
এ সময় চারদলীয় জোটের প্রত্যাখ্যানের বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে নির্বাচন কমিশনার বলেন, "রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। শেষ কথা কেউ কখনও বলে না। অপেক্ষা করুন। আমরা সবাইকে ওয়েলকাম করি।"
কয়েকটি নির্বাচনী এলাকা ঘুরে দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "ওই সব এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে, এক রকম উৎসবের আমেজ। আমরা দেখেছি, প্রার্থীরা ঘরে ঘরে যাচ্ছে। এটা দেশের জন্য, গণতন্ত্রের জন্যে ভালো।"
সিটি ও পৌর নির্বাচনকে জাতীয় নির্বাচনের জন্য পরীক্ষামূলক হিসেবে দেখা হচ্ছে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "আসন্ন নির্বাচন একটি পরীক্ষামূলক নির্বাচন। কালো টাকা ও পেশী শক্তিমুক্ত নির্বাচন করতে কী প্রতিবন্ধকতা আসে এবং কী সহযোগিতা আসে- তা আমরা দেখতে চাই।"
তিনি বলেন, "নির্বাচনের সূচনা হয়েছে মাত্র। পর্যায়ক্রমে নির্বাচন চলবে। আগামী ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী পরিবেশে থাকবে দেশ।"
৩০ জুনের মধ্যে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপত্তি শুনানি শেষে জুলাইয়ের প্রথম সপ্তাহে এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে বলেও জানান সাখাওয়াত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/জিএনএ/১৮০০ ঘ.
bdnews24