খুলনা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবর মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
তিনি বলেছেন, "যে যাই বলুক, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সংসদ নির্বাচন হবেই। আর অক্টোবরে এর তফসিল ঘোষণা করা হবে।"
শুক্রবার খুলনায় সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপত্তি শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে সিইসি এ কথা বলেন।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের স্থানীয় নির্বাচন প্রতিহত করার ঘোষণা জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনও প্রভাব ফেলবে না বলেও মনে করেন শামসুল হুদা।
তিনি বলেন, "নির্বাচন প্রত্যাখ্যান তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এটা সংসদ নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না।"
স্থানীয় নির্বাচনের আগে সংসদ নির্বাচন করা সম্ভব কিনা- সাংবাদিকরা জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "স্থানীয় নির্বাচন বিভিন্ন তারিখে বিভিন্ন সময়ে করা যায়। কিন্তু জাতীয় নির্বাচন একই দিনে দেশব্যাপী করতে হয়। যে কারণে জাতীয় নির্বাচন একটু সময় সাপেক্ষ ব্যাপার।"
অক্টোবরের মধ্যে উপজেলা নির্বাচন হলে এর তফসিল কবে হবে- জানতে চাওয়া হলে সিইসি বলেন, "খুব শিগগিরই নির্বাচন কমিশন বৈঠক করে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করবে।"
জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হওয়ায় নির্বাচনী আমেজে ঘাটতি রয়েছে- বিভিন্ন মহল থেকে ওঠা এ অভিযোগ নাকচ করে শামসুল হুদা বলেন, "তাই যদি হতো, তবে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা প্রতিদিন ব্যাপক হারে মনোনয়নপত্র সংগ্রহ করতেন না।"
সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা, যশোর এবং সাতক্ষীরার ৬টি আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আপত্তি শুনানিতে উপস্থিত ছিলেন সিইসি।
তিনি বলেন, "সীমানা নির্ধারণের বিষয়টি এমনভাবে নিষ্পত্তি করা হবে, যেন কেউই অসুবিধায় না পড়েন। ভৌগোলিক দিক, যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যাসহ নানা বিষয় বিবেচনায় রেখেই সীমানা নির্ধারণ করা হয়েছে। তারপরও যে আপত্তি এসেছে, সেগুলো যথাযথভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
আপত্তি শুনানিতে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মো. হুমায়ুন কবীর ও খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবর রহমান উপস্থিত ছিলেন।
শুনানিতে আপত্তি উত্থাপন করেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ শেখ হারুনুর রশীদ, সাবেক সাংসদ স ম বাবর আলী, চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, যশোরের মনিরামপুরের সাবেক সাংসদ মুফতি মো. ওয়াক্কাস, রফিকুল ইসলাম, মো. মুসা, সাতক্ষীরার সাবেক সাংসদ একে ফজলুল হক, মাওলানা রিয়াসাত আলী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫০০ ঘ.
bdnews24