ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়া। সরকারের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে 'দুরভিসন্ধিমূলক' অভিহিত করে এ বিষয়ে চার দলীয় জোটের সিদ্ধান্তের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার সকালে গ্যাটকো দুর্নীতি মামলায় সংসদ ভবনের বিশেষ আদালতে হাজির হলে খালেদা আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,'' বিএনপিতে কোনো অনৈক্য নেই। সকলে ঐক্যবদ্ধ আছে। শত নির্যাতনের মধ্যে নেতা-কর্মীরা যেভাবে দলকে ধরে রেখেছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ সময়মত সব কিছু ঠিক হয়ে যাবে।''
বিশেষ আদালত-৩ গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেছে আগামী ৩০ জুন।
মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে বিশেষ আদালত-৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন মামলার কার্যক্রম শুরু করেন। এর আগে মামলার আসামী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার ও মতিউর রহমান নিজামীসহ ১৭ জনকে কাঠগড়ায় উপস্থিত করানো হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন আরাফাত রহমান কোকোকে হুইল চেয়ারে করে আদালতে নেওয়া হয়। পাঁচ মিনিট আদালতে অবস্থানের পরই অসুস্থ কোকোকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
কোকোকে কাঠগড়ার কাছে নেওয়া হলে খালেদা জিয়া তার মাথায় হাত বুলিয়ে আদর করেন।
এদিকে বিশেষ আদালতের বাইরে মণিপুরীপাড়ার কাছে বিএনপি ও মহিলা দলের কয়েক শ' নেতা-কর্মী অবস্থান নিয়ে মানববন্ধন করেন। দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, খালেদা রাব্বানী, শিরিন সুলতানা, আবু সাইদ খান খোকন প্রমুখ নেতা সেখানে উপস্থিত ছিলেন।
আদালতের কার্যক্রম মূলতবি হওয়ার পর খালেদা জিয়া আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দুই ছেলে তারেক রহমান ও কোকোকে বিদেশে পাঠানোর দাবি আবারও উল্লেখ করেন। কারা হেফাজতের 'নির্যাতন' তার দুই ছেলের বর্তমান অবস্থার জন্য দায়ী বলেও অভিযোগ করেন খালেদা।
দেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে কারাবন্দি এ সাবেক প্রধানমন্ত্রী বলেন,''দেশকে তারা ২০ বছর পিছিয়ে দিয়েছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। মানুষজন আমার আমলে জমানো অর্থ ভাঙিয়ে এতদিন দিন যাপন করেছেন। এখন মানুষ না খেয়ে আছে। দেশে দুর্ভিাবস্থা বিরাজ করছে। কোনো কর্মসংস্থান নেই।''
স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে খালেদা জিয়া বলেন,''সব বড় দল সবকিছুর আগে সংসদ নির্বাচন চায়। স্থানীয় সরকার নির্বাচন করার সাংবিধানিক কোনো অধিকার এ সরকারের নেই। তারা দুরভিসন্ধিমূলকভাবে এ নির্বাচন করে নিজেদের বাছাই করা লোকদের বসাতে চায়। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।''
এ নির্বাচন 'প্রতিহত' করার বিষয়ে চার দলীয় জোটের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন,''জোট ও দলের নেতা-কর্মীদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ''
সরকার দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অভিযোগ করে খালেদা বলেন, "তারা সিন্ডিকেট তৈরি করেছে।''
এ অবস্থা থেকে উত্তরণে দ্রুত সংসদ নির্বাচন দাবি করে বিএনপি চেয়ারপার্সন বলেন,'' নির্বাচিত জনপ্রতিনিধির হাতে মতা হস্তান্তরের পর স্থানীয় সরকার নির্বাচন হবে।''
সরকারকে দুর্নীতির ব্যাপকতার জন্য অভিযুক্ত করেন খালেদা জিয়া। তিনি বলেন,'' দুর্নীতি আগের থেকে অনেকগুণ বেড়েছে। ঘুষের পরিমাণও বৃদ্ধি পেয়েছে এখন। এজন্য এ সরকারের মতা ছেড়ে দ্রুত চলে যাওয়া উচিত।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসকে/১৪৩০ঘ.
bdnews24