২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীরের বাম পাশে দুর্বলতা অনুভব করছেন নাসিম

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি কারাবন্দি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানিয়েছেন, ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র্রে (আইসিইউ) থাকা নাসিম শরীরের বাম দিকটা দুর্বল অনুভব করছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে ৭২ ঘণ্টার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না। (আরো তথ্যসহ ৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 06:50 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি কারাবন্দি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানিয়েছেন, ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র্রে (আইসিইউ) থাকা নাসিম শরীরের বাম দিকটা দুর্বল অনুভব করছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে ৭২ ঘণ্টার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নাসিমকে ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ হওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদ নাসিমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) আনা হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হয়। বিকেল ৫টার দিকে ল্যাব এইডের মেডিকেল সার্ভিসের প্রধান ও কো-অডিনেটর অবসরপ্রাপ্ত মেজর এ কে মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, ''সাত সদস্যের মেডিকেল বোর্ড মোহাম্মদ নাসিমের চিকিৎসা করছেন। এর নেতৃত্ব দিচ্ছেন নিউরো সার্জন ডা. এম এইচ শাহরিয়ার সাবেত। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য নাসিমকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৭২ ঘণ্টার আগে রোগীর বিষয়ে কিছু বলা যাবে না।'' তিনি জানান, নাসিম শরীরের বাম দিকটা দুর্বল অনুভব করছেন। তাকে এখন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। পাশাপাশি বোর্ড সদস্যরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। ৭ সদস্যের মেডিকেল বোর্ডে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ল্যাব এইডের চিকিৎসকরা আছেন বলে জানান মাহবুবুল হক। এর আগে সকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সকাল সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে কারা উপ মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দীকি চিকিৎসকদের উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোহাম্মদ নাসিমের শরীরের বাঁ দিক এ মুহূর্তে অবশ। সকালে আমি তার সঙ্গে কথা বলেছি।" নাসিমের অসুস্থতার খবর পেয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু ও আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান নূরসহ দলীয় নেতাকর্মীরা তাকে দেখতে হাসপাতালে যান। সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিমকে দুর্নীতির অভিযোগে গত বছরের ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়। সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে আদালত নাসিমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে টিঅ্যান্ডটি ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত মামলার বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরবি/এসইউএম/এসএম/এসএনডি/এমএ/১৮৪১ ঘ.