ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে এলেও ঘোষিত তফসিল অনুযায়ী স্থানীয় নির্বাচনের বিষয়ে দলের কার্যনির্বাহী সংসদ ও সভাপতিমণ্ডলীর বৈঠকেই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।
মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক হবে। আর আগামী বৃহস্পতিবার কার্যনির্বাহী সংসদের বৈঠক হওয়ার কথা।
সীমিত কর্মসূচির মধ্য দিয়ে সোমবার দলের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে আওয়ামী লীগ।
সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আগামী ২৪ জুন (মঙ্গলবার) দলের সভাপতিমণ্ডলীর এবং ২৬ জুন (বৃহস্পতিবার) কার্যনির্বাহীর সংসদের বৈঠক থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
নির্বাচন কমিশন গত শুক্রবার চারটি সিটি কর্পোরেশন (খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল) ও নয়টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। এতে আগামী ৪ আগস্ট ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ইতোমধ্যে এ তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে।
জরুরি অবস্থায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সোমবার সাংবাদিকদের বলেন, "আমরা মনে করি, জরুরি অবস্থার মধ্যে জাতীয় সংসদ নির্বাচন তো নয়ই, অন্য কোনও নির্বাচনও গ্রহণযোগ্য হবে না।"
তিনি বলেন, "জরুরি আইন প্রত্যাহারের পরই নির্বাচন হতে হবে। জরুরি অবস্থায় অবাধ নির্বাচন হতে পারে না।"
দলীয় প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি দাবিও জানান তোফায়েল আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/এমআই/১৩৫০ ঘ.
bdnews24