ঢাকা, জুন ২১(বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচনের তফসিল বাতিলের জন্য আবারও দাবি জানিয়েছেন খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বলেছেন, "গায়ের জোরে সরকার এই নির্বাচন করতে চায়। জবরদস্তিমূলক এ তফসিল বাতিল না হলে নির্বাচনের আগে অথবা পরে যেকোনো অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হলে তার জন্য সরকার ও নির্বাচন কমিশনই দায়ী থাকবে।"
সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে শনিবার খোন্দকার দেলোয়ারের সঙ্গে জয়পুরহাট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা দেখা করতে এলে তিনি এসব বলেন।
তিনি অভিযোগ করেন, "সরকার ও নির্বাচন কমিশন পদে পদে সংবিধান লঙ্ঘন করছে, শপথ ভঙ্গ করছে। সংসদ নির্বাচন করাই তত্ত্বাবধায়ক সরকার একমাত্র সাংবিধানিক দায়িত্ব হলেও তারা স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করে সংবিধানবহির্ভূত কাজ করেছে।"
শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আগামী ৪ আগস্ট চারটি সিটি করপোরেশন ও নয়টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেন।
খোন্দকার দেলোয়ার ঘোষিত তফসিল বাতিলের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, "ইতিমধ্যে চার দলসহ আওয়ামী লীগ ও অন্যান্য দল তফসিল বাতিলের দাবি জানিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন করা এ সরকারের দায়িত্ব নয়।"
প্রহসনের এ নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের নীল নকশার ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে খোন্দকার দেলোয়র বলেন, "সরকার রাজনীতিবিদদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে প্রহসনের বিচার করছে। তারা যেনতেন ভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।"
কারাবন্দি নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য তার ছেলেদের বিদেশে পাঠানোর দাবি জানিয়ে তিনি বলেন, "সরকার তারেক ও কোকোর পরিবর্তে তাদের মাকে বিদেশে পাঠানোর জন্য খুবই ব্যস্ত। দুই ছেলেকে জিম্মি করে নেত্রীকে বাইরে পাঠানো যাবে না। এই অপচেষ্টা বন্ধ করতে হবে। নেত্রী বিদেশে নয়, দেশেই চিকিৎসা নেবেন।"
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা বিএনপির মোজাহার আলী প্রধান, অধ্যক্ষ শামসুল হক, আ ফ ম হামিদুল হক, আবদুল হামিদ,অধ্যাপক আমিনুর রহমান বকুল, এম এম কায়কোবাদ, অ্যাডভোকেট হেনা কবির প্রমুখ।
পরে খোন্দকার দেলোয়ার ন্যাম ফ্ল্যাটের ৫ নম্বর ভবনের নিচ তলায় খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ আয়োজিত কোরআন খানি ও মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময়ে সংগঠনের আহবায়ক রফিকুল ইসলাম রতন,আরিফুর রহমান মোল্লা, হাজী ইউসুফ ও জাহাঙ্গীর হোসেন নেতৃবৃন্দ ও সাবেক সাংসদরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৪১৮ ঘ.
bdnews24