ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মুক্তিসহ ৮ দফা দাবিতে ছয় দিনের দিনের কর্মসূচি দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল। কর্মসূচির মধ্যে রয়েছে প্রতীক অনশন, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও মিলাদ মাহফিল।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়।
মহিলা দল আগামী ২৯ জুন বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে প্রতীক অনশন করবে।
অন্য কর্মসূচির মধ্যে রয়েছে- ২৪ জুন সকাল ১১টায় সংসদ ভবনের বিশেষ আদালতের সামনে মানববন্ধন, ২৬ জুন সংসদ ভবনের বিশেষ কারাগারের সামনে অবস্থান ধর্মঘট, ২৮ জুন নয়া পল্টনে ভাসানী মিলনায়তনে মিলাদ মাহফিল।
সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় অনুষ্ঠিত ওই দলের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মহিলা দলের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
তিনি বলেন, "খালেদা জিয়ার মুক্তি এখন গণদাবিতে পরিণত হয়েছে। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তারেক রহমান ও কোকোর জীবন বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যেও জনগণকে বিভ্রান্ত করে সরকার তাদের চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার খেলায় মেতে উঠেছে।"
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিদেশে পাঠাতে সরকারের 'তড়িঘরি' আয়োজন নিয়ে প্রশ্ন তুলে শিরিন সুলতানা বলেন, "তারেক রহমান ও কোকোর ক্ষেত্রে সরকারের ভিন্ন আচরণ থেকে এটা স্পষ্ট, সরকার নিরপেক্ষ নয়, দ্বৈতনীতি অবলম্বন করছে।"
মহিলা দলের ৮ দফা দাবির মধ্যে রয়েছে- খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও কোকোকে বিদেশে পাঠানো, জরুরি অবস্থা প্রত্যাহার, রাজনীতিবিদদের গ্রেপ্তার বন্ধ করা, ৩০ অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠান, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত বাতিল, আটক রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়সীমার মধ্যে রাখা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি অধ্যাপিকা সারোয়ারী রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, সাবেক সাংসদ খালেদা রাব্বানী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24