ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে যে কোনও পরিস্থিতির জন্য সরকার ও নির্বাচন কমিশন (ইসি) দায়ী থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। বিএনপি নেতা আগামী অক্টোবরে সংসদ নির্বাচন দাবি করেছেন।
নির্বাচন কমিশন শুক্রবার বিকালে চারটি সিটি কর্পোরেশন (সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল) এবং নয়টি পৌরসভার তফসিল ঘোষণা করবে। সংসদ নির্বাচনের আগে উপজেলা পরিষদ নির্বাচনের আগ্রহের কথাও ইতোমধ্যে প্রকাশ করেছে তারা।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চারদলীয় ঐক্য জোটের অন্যতম শরিক খেলাফত মজলিশের থানা প্রতিনিধি সম্মেলনে খোন্দকার দেলোয়ার বলেন, "সংসদ নির্বাচনের আগে অন্য কোনও নির্বাচন হতে পারবে না। বিএনপিসহ চার দল এ দাবিতে অনড় আছে। তাই এ কাজ থেকে বিরত থাকুন। অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন দিন।"
তিনি বলেন, "তারপরও স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে যে কোনও পরিস্থিতির জন্য সরকার ও নির্বাচন কমিশনই দায়ী থাকবে।"
চার দলীয় জোটের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "জোটগতভাবে আমরা যে কর্মসূচি দিয়েছি, তাতে সবাইকে অংশ নিতে হবে। আমাদের মধ্যে এখন ঐক্য জরুরি। আমরা কোনোভাবেই সংসদ নির্বাচনের বাইরে অন্য নির্বাচন মেনে নেব না।"
তিনি সংসদ নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
খেলাফত মজলিশের ঢাকা মহানগর শাখার সভাপতি নোমান মাজহারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলটির আমির মোহাম্মদ ইছহাক।
অনির্বাচিত সরকার 'ষড়যন্ত্র' করে ক্ষমতায় টিকে থাকার নীল-নকশার পরিকল্পনা করছে অভিযোগ করে তিনি বলেন, "বর্তমান সরকার দেশের মানুষের কোনও উন্নয়ন ও অগ্রগতি করতে পারেনি। তারা সংসদ নির্বাচন না দিয়ে সময়ক্ষেপণের পাঁয়তারা করছে।"
মোহাম্মদ ইছহাক বলেন, "খেলাফত মজলিশ কোরআনবিরোধী কোনও আইন মেনে নেবে না। একে রুখতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১৫ ঘ.
bdnews24