ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপনের মামলায় সাবেক জোট সরকারের দুই মন্ত্রী এম মোর্শেদ খান ও আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের (দুদক) মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল জানান, আদালতে জমা দেয়ার জন্য এসব অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
হানিফ ইকবাল বলেন, অভিযোগপত্রে এম মোর্শেদ খান ও তার স্ত্রী নাসরিন খানের বিরুদ্ধে ৯১ লাখ ৩৬ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ঘোষিত আয়ের বাইরে এক কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৯৯ টাকার সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে।
আর আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ৫৫ লাখ ৬০ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপনসহ ঘোষিত আয়ের বাইরে এক কোটি ৫৩ লাখ ৫২ হাজার টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক কাজী কামালউদ্দিন আহম্মেদসহ তিনজনের বিরুদ্ধে বেতন ভাতা, নিয়োগ সংক্রান্ত পোস্টাল অর্ডার ও প্রশিক্ষণ ভাতার অর্থ আত্মসাতের মামলাতেও অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন।
হানিফ ইকবাল জানান, মোহাম্মদপুরের শস্য গুদাম ঋণ কর্মসূচির উপ-পরিচালক কৃষিবিদ জাবেদ ইকবাল ও আওয়ামী লীগের সাবেক সাংসদ এ কে এম রহমতউল্লাহ'র ছেলে মোহাম্মদ হেদায়েতুল্লাহর বিরুদ্ধে দুটি মামলা দায়েরের অনুমতি দেয়া হয়েছে।
সম্পত্তির হিসাব বিবরণী জমা না দেয়ায় জাবেদ ইকবাল বিরুদ্ধে এবং সম্পত্তির তথ্য গোপন ও ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার অভিযোগে হেদায়েতুল্লাহর বিরুদ্ধে এ দুটি মামলা দায়ের করবে কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২১২০ ঘ.
bdnews24