২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনের তফসিল থেকে ভোট পর্যন্ত শিথিল হবে জরুরি বিধি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মিছিল, সভা, সমাবেশ ও অন্যান্য প্রচারণার অনুমতি দিয়ে জরুরি বিধিমালা সংশোধনের বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপ শেষে সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মিছিল, সভা, সমাবেশ ও অন্যান্য প্রচারণার অনুমতি দিয়ে জরুরি বিধিমালা সংশোধনের বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপ শেষে সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। হোসেন জিল্লুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার দিন থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বিধিমালার কিছু ধারা শিথিল থাকেবে। দুর্নীতির অভিযোগে বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার দুই ছেলের বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে সরকারের 'ইতিবাচক দৃষ্টিভঙ্গি' বহাল আছে বলেও জানিয়েছেন তিনি। উপদেষ্টা আরো বলেন, "আইনি প্রক্রিয়া ও চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত যাবতীয় বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।" সরকারের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলো জাতীয় প্রয়োজনে সবার ঐকমত্যের বিষয়ে একমত হয়েছে বলে জানান উপদেষ্টা। সংলাপে ঐকমত্যের ক্ষেত্র হিসেবে চারটি বিষয় চি‎িহ্নত করা হয়েছে বলে উপদেষ্টা জানান। এগুলো হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি, নির্বাচনোত্তর স্থিতিশীলতা,তৃণমূল প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার শক্তিশালী করা এবং সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা। জিল্লুর বলেন, "এছাড়াও অনেক সংবেদনশীল বিষয় রয়েছে সেসব বিষয়ে দ্বিমত রয়েছে। কিন্তু এসব বিষয়ের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়ে দায়িত্ব নিয়ে সবাইকে এগুতে হবে।" আওয়ামী লীগের সঙ্গে আগামী ৩০ জুনের মধ্যে সংলাপ হওয়ার সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই সময়সূচি চূড়ান্ত হবে। আগামী ২৮ জুন চট্টগ্রামে অনুষ্ঠেয় আঞ্চলিক সংলাপে প্রধান উপদেষ্টা অংশ নেবেন জানিয়ে তিনি বলেন, পরে খুলনা ও সিলেটে আঞ্চলিক সংলাপ হবে। রাজশাহী ও রংপুরেও আঞ্চলিক সংলাপ করার পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা। ডিসেম্বরের পরিবর্তে অক্টোবরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি প্রসঙ্গে জিল্লুর বলেন, "বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব। তারপরও জাতীয় নির্বাচনের জন্য সারাদেশব্যাপী ভোটার তালিকা চূড়ান্ত করার প্রয়োজন রয়েছে।" বিএনপি ও জামায়াতের সংলাপে অংশগ্রহণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "তাদেরকে অনেক আগেই আমন্ত্রণ জানানো হয়েছে। সংলাপে তাদের অংশগ্রহণ নিশ্চিতের প্রচেষ্টা অব্যহত আছে। আশা করছি তাদের প্রতিনিধি দলের নাম শিগগিরই পাব।" সংবাদ সম্মেলনে খেলাফত মজলিশের পক্ষে বক্তব্য দেন মহাসচিব মাওলানা ইউছুফ আশরাফ। তিনি বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরের পরিবর্তে জাতীয় নির্বাচন অক্টোবর মাসে অনুষ্ঠান, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ প্রক্রিয়া স্থগিত করে পুরোনো সীমানায় নির্বাচন অনুষ্ঠানসহ ২১ দফা প্রস্তাব উত্থাপন করেছি আমরা।" সংলাপে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি সংক্রান্ত জোট সরকারের সিদ্ধান্ত কার্যকর করারও দাবি জানানো হয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, "খেলাফত মজলিস বলেছে, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়া না হলে বিদেশে চাকরিরত অনেকে ফেরত আসবে। তবে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের ওপর সরকারের তদারকির প্রয়োজন রয়েছে। সনদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।" খেলাফত মজলিসের মহাসচিব বলেন, "নারী উন্নয়ন নীতিমালা ২০০৮ এর বিষয়ে আমরা সরকারের সুস্পষ্ট বক্তব্য জানতে চেয়েছি। কোরআন ও সুন্নাহ মোতাবেক নারীর অধিকার বাস্তবায়নের কথাও বলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এফএফ/এসএনডি/এসকে/