ঢাকা, জুন, ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনার করা আবেদনের ওপর শুনানি বুধবার শেষ হয়েছে। হাইকোর্ট আগামী ৩০ জুন এ ব্যাপারে আদেশ দেবে।
হাসিনার আবেদনের ব্যাপারে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশন গতবছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজে ঠিকাদার প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়েছে।
গতবছর ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
১৩ জানুয়ারি মামলাটি বিচারের জন্য আমলে নেন ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালত। ওই আদালত গত ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
নির্ধারিত ৬০ দিনের মধ্যে বিচারকাজ শেষ না হওয়ায় মামলাটির কার্যক্রম চলার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা একটি রিট করেন। গত ১ জুন হাইকোর্ট তা খারিজ করে দেয়।
এরপর ২ জুন এ মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন হাসিনা। পাশাপাশি এ মামলায় জামিনেরও আবেদন করেন তিনি।
হাসিনার এ আবেদনের ওপর শুনানি বুধবার শেষ হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০৫৭ ঘ.
bdnews24