২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির ব্যাপকতা অব্যাহত আছে: টিআইবি

দেশে দুর্নীতি বিরোধী জোরদার অভিযান চলছে বলে সরকার দাবি করলেও বিগত দুই সরকারের আমলের মতো দুর্নীতি এখনো অব্যাহত রয়েছে বলে মনে করছে দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে দুর্নীতি বিরোধী জোরদার অভিযান চলছে বলে সরকার দাবি করলেও বিগত দুই সরকারের আমলের মতো দুর্নীতি এখনো অব্যাহত রয়েছে বলে মনে করছে দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)। জরিপের মাধ্যমে ২০০৬ এর জুলাই থেকে ২০০৭ এর জুন পর্যন্ত সময়ের দুর্নীতির তথ্য সংগ্রহ করে টিআইবি বলেছে, এই সময়ে বিভিন্ন খাতে সেবা পেতে জনগণকে ৫ হাজার ৪শ' ৪৩ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। দুর্নীতির ব্যাপকতা সবচে বেশি ছিল আইন প্রয়োগকারী সংস্থায়। তবে টাকার অঙ্কে সবচে বেশি দুর্নীতি হয়েছে ভূমি প্রশাসনে। এ খাতে ঘুষ গ্রহণের পরিমাণ ছিল এক হাজার ৬০৬ কোটি টাকা। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "দুই সরকারের আমলে দুর্নীতির যে ব্যাপকতা ছিল এখনো সে ব্যাপকতা অব্যাহত রয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত নৈরাশ্যজনক চিত্র।" ২০০৭ সালের জুন ও জুলাই দুই মাস দেশের ৬২ জেলায় গ্রামের তিন হাজার এবং শহরের দুই হাজার মোট পাঁচ হাজার খানায় টিআইবি এ জরিপ চালায়। তাদের কাছ থেকে ২০০৬ এর জুলাই থেকে ২০০৭ এর জুন পর্যন্ত সময়ের দুর্নীতির তথ্য সংগ্রহ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ এর তুলনায় ২০০৭-এ শিক্ষা, স্বাস্থ্য, ভূমি প্রশাসন, স্থানীয় সরকার ও এনজিও খাতে দুর্নীতি তথা ঘুষ দেয়ার হার বেড়েছে। এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থায় দুর্নীতির ব্যাপকতা ছিল সবচে বেশি। এতে বলা হয় ২০০৬ সালের তুলনায় দুনীর্তির ব্যাপকতা কোন কোন খাতে সামান্য কমেছে। আবার বেশ কিছু খাতে বেড়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংস্থাটির ওই জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটির সার সংক্ষেপ উপস্থাপন করেন টিআইবি'র গবেষক মো. ওয়াহিদ আলম। দুর্নীতির যে চিত্র পাওয়া গেছে তাতে দেখা যায়, আইন প্রয়োগকারী বাহিনীর কাজ থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে ৯৬ দশমিক ৬ শতাংশ খানাকে দুর্নীতির শিকার হতে হয়েছে। এরমধ্যে গ্রেফতার এড়াতে গড়ে প্রতি খানাকে ১০,৯২৭ টাকা ঘুষ দিতে হয়। এ ছাড়া এফআইআর করতে ৩,৯৮৩টাকা, পুলিশি তদন্ত বা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে ২,৬০৫ টাকা, চার্জশিটের জন্য ১,৭০৩ টাকা, জিডি করতে ৭৯৫ টাকা এবং এ সংক্রান্ত অন্যান্য সেবাগ্রহণ করতে গড়ে প্রতি খানাকে ৫,১২০ টাকা ঘুষ দিতে হয়েছে। এ খাতে এক বছরে মোট ঘুষের পরিমাণ ছিল ৮৭৯ কোটি টাকা। অন্যদিকে স্থানীয় সরকারের কাছ থেকে সেবা নিতে ৫৩ দশমিক ৪ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে। এ খাতে সেবা প্রদানে গড়ে ঘুষ গ্রহণের পরিমাণ যথাক্রমে বাড়ির প্ল্যান পাস করতে ৫,০০৫টাকা, টিউবওয়েল স্থাপনে ৩,১২০ টাকা, ভিজিডি/ভিজিএফ কার্ড বিতরণে ৮৪০ টাকা, সার সংগ্রহণের সার্টিফিকেট নিতে ৮২৮ টাকা, ট্রেড লাইসেন্সে ৫০৫ টাকা, বয়স্ক ভাতার ক্ষেত্রে ৩১০ টাকা, জন্ম, মৃত্যু ও নাগরিকত্ব সনদ প্রদানে ৮৪ এবং এ সংক্রান্ত অন্যান্য সেবা নিতে গড়ে ১,১৭২ টাকা। এখাতে এক বছরে ঘুষ গ্রহণের পরিমাণ ১৮৭ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়, টাকার অঙ্কে সবচে বেশি দুর্নীতি হয়েছে ভূমি প্রশাসনে। এ খাতে এক বছরে ঘুষ গ্রহণের পরিমাণ এক হাজার ৬০৬ কোটি টাকা। ১/১১ এর পর দেশে দুর্নীতি বেড়েছে নাকি কমেছে- এ প্রশ্নের জবাবে টিআইবি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন, "এখানে যে চিত্র দেখানো হয়েছে তাতে দেখা গেছে কোনো কোনো খাতে কমেছে। আবার কোনো কোনো খাতে বেড়েছে।" অধ্যাপক মোজাফ্ফর বলেন,"ব্যক্তিগতভাবে আমি মনে করি, ১/১১ এর পর ছোট খাটো দুর্নীতি বেড়েছে।" প্রতিবেদনে দেখানো হয়, বিচারব্যবস্থায় দুনীর্তির ক্ষেত্রে ৪৭ দশমিক ৭ শতাংশ খানা সেবা গ্রহণে দুনীর্তির শিকার হয়। এ খাতে এক বছরে প্রদত্ত ঘুষের পরিমান ছিল ৬৭১ কোটি টাকা। জরিপে দেখা যায়, সেবাগ্রহীতাদের স্বাস্থ্য খাতে ১০৭ কোটি টাকা ঘুষ প্রদান করতে হয়েছে। এই খাতে ৪৪ দশমিক ১ শতাংশ খানা দুনীর্তির শিকার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ঘুষের হার ৪৭ দশমিক ৯ শতাংশ। এই সময়ে শিক্ষা খাতে ৩৯ দশমিক ২ শতাংশ খানা দুনীর্তির শিকার হয়। এই খাতে প্রদত্ত ঘুষের পরিমাণ ১১৭ কোটি টাকা। উল্লেখিত এক বছরে বিদ্যুত খাতে ৩৩ দশমিক ২ শতাংশ এবং এনজিও খাতে ১৩ দশমিক ৫ শতাংশ খানা দুনীর্তির শিকার হয়। এছাড়া অন্যান্য সেবা খাতে দুনীর্তির শিকার হয়েছে ৩১ দশমিক ৩ শতাংশ খানা। প্রতিবেদনে সময়ভেদে ঘুষ প্রদানের তুলনামূলক বিশ্লেষণ করে দেখানো হয়েছে, ২০০৬ সালের জুলাই--ডিসেম্বর সময়ে শিক্ষাখাতে ঘুষ প্রদানের হার যেখানে ছিল ১২ দশমিক ৫ শতাংশ তা ২০০৭ সালের জানুয়ারি-- জুলাই সময়ে বেড়ে হয় ৪৪ দশমিক ৫ শতাংশ। স্বাস্থ্য খাতে ২০০৬ সালের জুলাই--ডিসেম্বর সময়ে ঘুষের হার ছিল ৩২। ২০০৭ সালের জানুয়ারি--জুলাই সময়ে তা বেড়ে দাঁড়ায় ৩৬ দশমিক ৯ শতাংশে। ভূমি প্রশাসনে খাতে ২০০৬ সালের জুলাই--ডিসেম্বর সময়ে ঘুষ প্রদানের হার ছিল ৩৯ দশমিক ৪। ২০০৭ সালের জানুয়ারি--জুলাই সময়ে তা বেড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ১ শতাংশে। স্থানীয় সরকার খাতে ২০০৬ সালের জুলাই--ডিসেম্বর সময়ে ঘুষ প্রদানের হার ছিল ৩৮ দশমিক ২। ২০০৭ সালের জানুয়ারি--জুলাই সময়ে তা বেড়ে দাঁড়ায় ৪৭ দশমিক ৯ শতাংশে। এছাড়া এনজিও খাতে ২০০৬ সালের জুলাই--ডিসেম্বর সময়ে ঘুষ প্রদানের হার ছিল ৩৩ দশমিক ৩। ২০০৭ সালের জানুয়ারি--জুলাই সময়ে তা বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ৭ শতাংশে। প্রতিবেদনে দেশে দুনীর্তি রোধে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো দুনীর্তিকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা, জীবনযাত্রার ব্যয়ের সাথে সমন্বয় রেখে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধিসহ মৌলিক প্রশাসনিক সংস্কার করা, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা, সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোর সিটিজেন চার্টার জনমুখী ও কার্যকর করার জন্য সেবাগ্রহীতাসহ অন্যান্য পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য দুনীর্তি বিরোধী প্রচারণা ও আন্দোলন জোরদার করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/জিএনএ/এসকে/এমএইচবি/১৯৪৪ ঘ.