ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, আমরা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কাজ করছি। আমাদের কাজগুলোকে বিচ্ছিন্ন কোন দৃষ্টিভঙ্গিতে নয়, সামগ্রিক দৃষ্টিতে দেখতে হবে।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাম্যবাদী দলের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিল্লুর রহমান এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সংলাপে সাম্যবাদী দলের (এম.এল) নেতারা জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, গ্রামের দরিদ্রদের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ ২৯ দফা প্রস্তাব করেছেন।
সংলাপ শেষে সাম্যবাদী দলের প্রতিনিধি এবং তিন উপদেষ্টা যৌথভাবে সাংবাদিকদের অবহিত করেন।
১১ জানুয়ারী সৃষ্টির পেছনে যারা অনেকাংশে দায়ী সেই কারাবন্দি নেতাদের মুক্তির বিষয়ে সরকার অতিমাত্রায় মানবিক হয়ে যাচ্ছে কি না এসংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "আমরা এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছি। রাজনৈতিক অবস্থা গুণগতমানে উত্তরণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য আমরা কাজ করছি। আমরা আইসোলেটেট দৃষ্টিভঙ্গি থেকে কাজ করছি না। কাজ করছি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে । "
শেখ হাসিনার মত খালেদা জিয়াকেও মুক্তি দেয়া হচ্ছে কি না এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোও মুক্তি পাবে কিনা জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, "আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমরা দুটি বিষয় বিবেচনায় নিয়েছি, এর একটি হচ্ছে আইনী প্রক্রিয়া সমন্নুত রাখা এবং অন্যটি মানবিক দিক। আমাদের দৃষ্টি ভঙ্গির কোন পরিবর্তন হয়নি, আগে যা ছিল এখনও তা আছে।"
তিনি আরো বলেন, আমরা সমাধানমুখী চিন্তা করছি। আমাদের সবার উচিত সমাধানমুখী চিন্তা করা।
সংলাপে আওয়ামীলীগের অংশগ্রহণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আওয়ামীলীগ তাদের প্রতিনিধিদের নাম পাঠিয়েছে। সংলাপের একটি দীর্ঘ শিডিউল আমাদের হাতে রয়েছে। এখন সুবিধামত সময়ে আওয়ামীলীগের সঙ্গে সংলাপের জন্য দিনক্ষণ নির্ধারণ করে নেয়া হবে।
সংলাপে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি, এখন তাদের উত্তরের জন্য ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছি। আমরা সবাইকে নিয়ে এগুতে চাই।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়
bdnews24