২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তির জন্য আবেদন করা হবে না: দেলোয়ার

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করার বিষয়টি নাকচ করে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এ ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশই যথেষ্ট। শেখ হাসিনার মুক্তি রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে এগিয়ে দিয়েছে বলেও মনে করেন না এ বিএনপি নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 08:35 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করার বিষয়টি নাকচ করে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এ ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশই যথেষ্ট। শেখ হাসিনার মুক্তি রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে এগিয়ে দিয়েছে বলেও মনে করেন না এ বিএনপি নেতা। তার দাবি, এতে বরং বিএনপি দ্বিগুণ এগিয়ে গেছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "ম্যাডাম (খালেদা জিয়া) আগেই জানিয়েছেন, তিনি দেশেই চিকিৎসা করাতে চান। এ জন্য সরকারের গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশই যথেষ্ট, পৃথক আবেদনের প্রয়োজন নেই।" খালেদা জিয়ার মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন; তবে এজন্য তাকে আবেদন করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের গত বৃহস্পতিবার দেওয়া এ বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। এক্ষেত্রে খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী বিএনপি কাজ করবে বলেও জানান তিনি। খোন্দকার দেলোয়ার বলেন, "ম্যাডামকে রাজনৈতিক কারণে আটকে রাখা হয়েছে। তাকে এমনিতেই মুক্তি দেওয়া প্রয়োজন।" তবে চিকিৎসার জন্য খালেদা জিয়ার দুই ছেলে কারাবন্দি তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বিদেশ পাঠানোর দাবি জানিয়ে দেলোয়ার হোসেন বলেন, "মেডিকেল বোর্ড তাদের দুই জনকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর সুপারিশ করেছেন। কিন্তু এখনও তাদের বিদেশে পাঠানো হচ্ছে না। বেগম জিয়া চান, অনতিবিলম্বে তাদের বিদেশ পাঠানো হোক।" শেখ হাসিনাকে মুক্তি রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে এগিয়ে দিয়েছে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে খোন্দকার দেলোয়ার বলেন, "আমি মনে করি তার (শেখ হাসিনা) মুক্তির পর বরং বিএনপি দ্বিগুণ এগিয়ে গেছে। আগামী নির্বাচনে আমরা ভোটের মাধ্যমে এর প্রমাণ রাখব।" বিশেষ অভিযানের নামে গণগ্রেপ্তার চলছে অভিযোগ করে তা বন্ধের দাবি জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "একদিকে সংলাপের কথা বলা হচ্ছে, অন্যদিকে গ্রেপ্তার চলছে। হাজার হাজার নেতা-কর্মীকে আটক করা হচ্ছে। এটা সংলাপ ও নির্বাচনের জন্য সহায়ক নয়। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।" প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার সময় খোন্দকার দেলোয়ারের সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাবউদ্দিন, বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, সাবেক ছাত্রনেতা খোন্দকার বাবুল চৌধুরী, হাবিবুন নবী খান সোহেল, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ। এরপর তারা সংসদ ভবনের বিশেষ কারাগারে গিয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে খালেদা জিয়ার কাছে ফুল পাঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৫৭ ঘ.