২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিও শিগগিরই সংলাপে আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বৃহস্পতিবার বলেছেন, বিএনপিও শিগগিরই সরকারের সঙ্গে সংলাপে অংশ নিতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 10:52 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বৃহস্পতিবার বলেছেন, বিএনপিও শিগগিরই সরকারের সঙ্গে সংলাপে অংশ নিতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ নিয়ান লিন এর সঙ্গে এক বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। (সংশোধিত) মিয়ানমারের রাষ্ট্রদূত উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "সরকার ভারসাম্য বজায় রেখেই আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে কথা বলছে।" ইফতেখার আহমদ বলেন, "যেহেতু সংলাপ নিয়ে একটি ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, খুব শিগগিরই বিএনপিও এ প্রক্রিয়ায় যোগ দিতে পারে। তাদের সংলাপে নিয়ে আসতে নানা উপায় খোঁজা হচ্ছে।" উপদেষ্টা সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন এবং সবগুলো রাজনৈতিক দল দ্রুত এ প্রক্রিয়ায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। বুধবার রাতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইফতেখার আহমদ চৌধুরী বলেন, এটা ছিল সংলাপ প্রক্রিয়ারই একটি অংশ। বৈঠকে উপস্থিত চার উপদেষ্টর একজনকে ফোন করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ নিজেও এ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে নবম সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনার জন্য সরকার গত ২২ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। কিন্তু প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি জানায়, দলীয় প্রধানের মুক্তি ছাড়া তারা সংলাপে যাবে না। এরপর বুধবার দুপুরে শেখ হাসিনাকে ৮ মাসের সাময়িক মুক্তি দেয় সরকার। একই দিন এক সরকারি তথ্য বিবরণীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারেও একই ধরনের ব্যবস্থা নেয়ার ইংগিত দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসআরডি/জেকে/জিএনএ/১৬৫২ ঘ.