২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি সংকট উত্তরণের সিঁড়ি: জিল্লুর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিকে 'সংকট উত্তরণের সিঁড়ি' হিসেবে অভিহিত করেছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে সংলাপ নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 07:36 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিকে 'সংকট উত্তরণের সিঁড়ি' হিসেবে অভিহিত করেছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে সংলাপ নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। উপদেষ্টা বলেন,"আমরা সংকট উত্তরণের সিঁড়ি অতিক্রম করছি। এর মাধ্যমে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করলাম। এখন পরবর্তী ধাপগুলো অতিক্রম করার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি।" খালেদা জিয়া এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে মুক্তি দিয়ে চিকিৎসার বিষয়ে জিল্লুর বলেন,"আমরা এ ব্যাপারেও আইনী প্রক্রিয়া ও মানবিক দিকগুলো ভাবতে শুরু করেছি। সবকিছুর সমন্বয় করছি। কালক্ষেপনের কোন সুযোগ রাখছিনা। সর্বোচ্চ চেষ্টা চলছে।" উপদেষ্টা আরো বলেন, "এই ফাঁকে আমরা অর্থবহ আলোচনা চালিয়ে যাব। আলোচনার মাধ্যমইে আমরা একটি জায়গায় যেতে চাই। ঐকমত্য তৈরির জন্য যে বড় চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো আমরা একইসঙ্গে ধরার প্রস্তুতি নিচ্ছি।" খালেদা, তারেক ও কোকোকে কবে বিদেশ পাঠানো হচ্ছে জানতে চাইলে হোসেন জিল্লুর রহমান বলেন, "এ বিষয়ে এখনই বলা মুশকিল। তবে আমাদের দীর্ঘপথ অতিক্রম করতে হবে এবং জাতির প্রয়োজনেই এটি করতে হবে।" এ প্রসঙ্গে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেন, "আমাদের ধৈর্য ধরতে হবে। অনেক সময় আমরা কথা বলতে চাই না। আমরা যদি বলতাম হাসিনা আজ অথবা কাল চলে যাবেন তাহলে দেশে একটি গণ্ডগোল লেগে যেত। অনেক সময় সব কথা হয়ত আমরা বলতে পারিনা। তবে সময়মত ঠিকই বলি।" এদিকে এ বৈঠক শেষ করেই গোলাম কাদেরকে সঙ্গে নিয়ে জিল্লুর রহমান আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের কার্যালয়ে যান। সেখানে বেলা ১২টা থেকে তিন উপদেষ্টা পুনরায় বৈঠক শুরু করলে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন সে বৈঠকে যোগ দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১০৩০ ঘ.