ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার মুক্তিতে খুশি হয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একটি প্রতিষ্ঠানের অর্থসংক্রান্ত বিষয়ে বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের সময় খালেদা জিয়া তার আইনজীবীদের এই অনুভুতি জানান।
আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান দুদকের জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ কারাগার থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, "ম্যাডাম বলেছেন 'শেখ হাসিনার মুক্তিতে আমি খুশি হয়েছি।' তবে নিজের চিকিৎসা তিনি দেশেই করাবেন বলে জানিয়েছেন।"
খালেদা জিয়া একইসঙ্গে তার দুই ছেলেকে এখনো বিদেশে পাঠানোর উদ্যোগ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। আইনজীবী বলেন, "এই উদ্বেগ জানিয়ে তিনি দুই ছেলে তারেক ও কোকোকে দ্রুত বিদেশে পাঠাতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।"
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিরক্ষায় গঠিত 'জিয়া অরফানেজ ট্রাস্ট্র' -এর অর্থসংক্রান্ত বিষয়ে দুদকের সহকারী পরিচালক নূর মোহাম্মদ ও যৌথবাহিনীর কর্মকর্তা মেজর রেদোয়ান সংসদ ভবনের বিশেষ কারাগারে গিয়ে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময়ে খালেদা জিয়ার আরও দুই আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, "দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা শহীদ জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থসংক্রান্ত বিষয়ে ম্যাডামকে জিজ্ঞাসাবাদ করেছেন। ম্যাডাম বলেছেন, ওই ট্রাষ্টের তিনি সদস্যও নন। দীর্ঘ ১৫ বছরের পুরনো বিষয়ে তিনি কিছুই জানেন না। "
তিনি জানান, জিয়ার স্মৃতি রক্ষায় কুয়েতের সাবেক আমিরের দেওয়া ২ কোটি ৩০ লাখ টাকার অনুদানের অর্থে এ ট্রাস্ট হয়েছে। এ অর্থে বগুড়া ও বাগেরহাটে ট্রাস্টের জন্য জমি কেনা হয়।
কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার তিন নম্বর মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. গোলাম রাব্বানী খালেদা জিয়ার দুই ছেলেকেও জিজ্ঞাবাদের অনুমতি দেয়।
এই অনুমতি পেয়ে দুদক বুধবার দুপুরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকেও ট্রাস্ট্রের অর্থসংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএম/এমএইচবি/১৯৫০ ঘ.
bdnews24