জামালপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রধান ফেরদৌস আহমেদ কোরেশী বলেছেন, সুশাসনের জন্য দরকার একটি যোগ্য সরকার। এ জন্য চাই একটি সুসংগঠিত দল। আর পিডিপিই হবে সেই রাজনৈতিক দল।
বুধবার জামালপুরে পিডিপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে ফেরদৌস কোরেশী বলেন, "আপনারা প্রতিটি ওয়ার্ড থেকে এক জন ভালো মানুষ দিন। আমরা ভালো জাতি দেব।"
বিগত সরকারগুলোর দুর্নীতির চিত্র তুলে ধরে পিডিপি প্রধান বলেন, "বিগত সরকারের সাংসদরা ক্ষমতার অপব্যবহার আর লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছে। তাদের মধ্যে ৩০ জন সাংসদ খুঁজে পাওয়া যায়নি, যাদের পিডিপিতে নেওয়া যেতে পারে।"
কোরেশী বলেন, "আমরা ওয়ান-ইলেভেনের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। দুটি রাজনৈতিক দলের সংঘাত দেশকে যে সঙ্কটে ফেলেছিল, সে অবস্থা জনগণ আর দেখতে চায় না।"
প্রচলিত ধারার বিপরীতে পিডিপিকে বিকল্প রাজনৈতিক শক্তিতে পরিণত করতে তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
পিডিপির জামালপুর জেলা সমন্বয়ক অবসরপ্রাপ্ত মেজর নূরুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা নূর মোহাম্মদ খান, গোলাম সারোয়ার মিলন, হারুণ চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৬ ঘ.
bdnews24