ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ জঙ্গি বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার বিচার কাজ চালানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।
সোমবার এ আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার বিভাগীয় বিশেষ জজ গোলাম মর্তুজা মজুমদার তা মঞ্জুর করেন।
শুনানিকালে হাসিনার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আবদুর রহমান হাওলাদার প্রমুখ বলেন, "হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। এ কারণে তার অনুপস্থিতিতেই বিচারকার্য চালানোর জন্য ফৌজদারি কার্যবিধির যথাযথ নিয়ম অনুযায়ী আবেদনটি মঞ্জুর করা যেতে পারে।"
আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুরের আদেশ দেন।
এর আগে অ্যাডভোকেট কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিগ-২৯ মামলায়ও হাসিনার অনুপস্থিতিতেই যাতে বিচার কাজ চলে সেজন্য ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় আবেদন করেছেন তারা।
এদিকে ইউনিক গ্র"পের স্বত্ত্বাধিকারী নূর আলির দায়ের করা চাঁদাবাজির মামলায়ও শেখ হাসিনাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
মহানগর হাকিম এম এ মজিদের আদালতে শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ শুনানিতে বলেন, "মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী হাসিনার সুচিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আদেশ প্রদান করা হোক।"
আবেদনের শুনানি শেষে হাকিম তা মঞ্জুর করেন।
আদালতে হাসিনার আইনজীবী আরো বলেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসিনার সুচিকিৎসার জন্য যথাযথ আদেশ প্রদান এবং মামলার হাজিরা থেকে অব্যাহতি দেয়া- সব আবেদনই মঞ্জুর করেছেন আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এসকে/১২৩৪ঘ.
bdnews24