ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হচ্ছে- কয়েকদিন ধরে চলা এমন গুঞ্জন রোববার স্পষ্ট রূপ পেতে শুরু করে। হাসিনার একজন শীর্ষ আইনজীবী এদিন দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু সরকারের নির্বাহী আদেশের জন্য অপেক্ষা। তবে কারা উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা রোববার মধ্যরাত পর্যন্ত কারা কর্তৃপক্ষ হাতে পায়নি।
আওয়ামী লীগ সভানেত্রীকে মুক্তি দেওয়া হতে পারে এমন খবরে রোববার সন্ধ্যা থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন সংসদ ভবনে বিশেষ কারাগার এবং ধানমণ্ডিতে হাসিনার বাসা সুধাসদনে। তাদের মাঝে দলের শীর্ষ পর্যায়ের কয়েকজনও ছিলেন। ফুপু খোদেজা খানম ও ফুপাতো বোন শেলী জামান সন্ধ্যায় কারাগারে যান হাসিনার সঙ্গে দেখা করতে। আর কয়েকজন আইনজীবী দুপুরেই কারাগারে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করেন।
হাসিনা কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চলছিল নানা গুঞ্জন। অনেক রাত পর্যন্ত কারাগার আর সুধা সদনে অবস্থান করে এ ব্যপারে নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন তারা। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতা বা সরকারের পক্ষ থেকে কেউ তখনো পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেননি।
আইনজীবীদের উদ্যোগ
কারাবন্দি শেখ হাসিনা এদিন সকালেই আইনজীবীর মাধ্যমে জানান, চিকিৎসকরা বললে তিনি বিদেশ যেতে রাজি আছেন। শেখ হাসিনার জন্য গঠিত মেডিকেল বোর্ড সরাসরি না বললেও ইঙ্গিতে তাকে বিদেশে পাঠানোর পরামর্শই দিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে আইনগত বাধা দূর করার উদ্যোগ নেয় তার আইনজীবীরা। রোববার বিকেলে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বিশেষ জজ আদালতের বিচারক ফিরোজ আলমের খাস কামরায় তাৎক্ষণিকভাবে এ আবেদনের ওপর শুনানিও হয়। শুনানি শেষে বিচারক সোমবার এ ব্যাপারে আদেশের জন্য দিন ধার্য করেন।
"হাসিনার বিদেশ যাত্রার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত"
শুনানি শেষে সন্ধ্যায় হাসিনার আইনজীবী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, হাসিনাকে বিদেশ পাঠানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে তার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, সরকারের নির্বাহী আদেশ পেলেই হাসিনা এখন বিদেশে যেতে পারবেন।
তিনি বলেন, "আমরা যে আবেদন করেছি, বিচারক তা গ্রহণ করেছেন। কাল (সোমবার) সকালে এ বিষয়ে লিখিত আদেশ পাব।"
শেখ হাসিনার স্বাস্থ্যগত বিষয়ে সরকার যে মেডিকেল বোর্ড গঠন করেছিল তার প্রতিবেদনের ভিত্তিতেই আদালত এ সিদ্ধান্ত দিয়েছে বলে দাবি করেন তিনি।
শফিক আহমেদ বলেন, "এখন সরকার নির্বাহী আদেশ দিলেই শেখ হাসিনা বিদেশে যেতে পারবেন।"
শেখ হাসিনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই দাবি করে তিনি বলেন, "নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ এখনো শুরু হয়নি। কাজেই বিদ্যুৎ কেন্দ্র মামলার মতো কোনো আবেদন নাইকো মামলার ক্ষেত্রে করতে হবে না। আর মিগ-২৯ এবং আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলায় তিনি এমনিতেই জামিনে রয়েছেন।"
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার আবেদনের ওপর বিচারকের খাস কামরায় শুনানি হয়েছে। সোমবার সকালে বিচারক এ সংক্রান্ত আদেশ দেবেন।"
হাসিনাও সম্মত
কারাবন্দি শেখ হাসিনা এদিন সকালেই আইনজীবীর মাধ্যমে জানান, চিকিৎসকরা বললে তিনি বিদেশ যেতে রাজি আছেন।
রোববার সকালে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় সাক্ষ্য শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়। সেখানে তার সঙ্গে কথা হয় তার আইনজীবী আব্দুল মান্নান খানের।
পরে মান্নান খান সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ সভানেত্রীর কানে যে শ্রবণ যন্ত্র (হিয়ারিং এইড) বসানো হয়েছিল তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোথাও তা পুনঃস্থাপন করা সম্ভব নয়। মেডিক্যাল বোর্ড বললে চিকিৎসার জন্য তিনি (হাসিনা) যুক্তরাষ্ট্র যেতে রাজি আছেন।"
মেডিকেল বোর্ডের প্রতিবেদনের বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা আগে যে ধরনের প্রতিষ্ঠানে কানের চিকিৎসা নিয়েছেন, এখনও সে ধরনের প্রতিষ্ঠানেই তার চিকিৎসা করাতে হবে বলে মেডিক্যাল বোর্ড সুপারিশ করেছে।"
শেখ হাসিনার কানের চিকিৎসা আগে কোথায় হয়েছে- জানতে চাইলে হাসিনার ব্যক্তিগত চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২১ আগস্টের গ্রেনেড হামলার পর শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কানের চিকিৎসা নেন।"
সরকার গত বৃহস্পতিবার অনেকটা আকস্মিকভাবে শেখ হাসিনা, খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্বাস্থ্য পরীক্ষার জন্য পৃথক মেডিক্যাল বোর্ড গঠন করে। ওইদিনই বিশেষ কারাগারে হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
হাসিনার অপেক্ষায় হাজারো কর্মী
চিকিৎসার জন্য শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হতে পারে এমন খবরে রোববার সন্ধ্যা থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিড় করে বিশেষ কারাগারের আশপাশের এলাকায়। দলের শীর্ষ পর্যায়ের কয়েক নেতাও ছিলেন সেখানে।
মুক্তি পেয়ে হাসিনা নিজ বাসভবন সুধা সদনে আসতে পারেন এমন খবরে সন্ধ্যায় সেখানেও ছিল নেতাকর্মীদের ভিড়। সন্ধ্যার পর থেকে সেখানে প্রচুর দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
রাত পৌনে ৯টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ মনিপুরী পাড়ার পূর্ব দিকে সংসদ ভবনের গেটের সামনে উপস্থিত হন। তিনি সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে বিদেশে পাঠানো হবে এমন খবরেই নেতাকর্মীরা ছুটে এসেছে।
তিনি বলেন, "সরকার বাস্তবতা উপলব্ধি করে শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।"
এর খানিক পরে ওই এলাকায় আসেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আমির হোসেন আমু।
তিনি বলেন, "সরকার দেরিতে হলেও শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে এ বিষয়ে আমরা যে দাবি করছিলাম তা এখন তা পূরণ হচ্ছে।"
এদিকে সন্ধ্যা ৬টার দিকে সুধাসদনের সামনে দাঁড়িয়ে আদাবরের যুবলীগ কর্মী মিজানুর রহমান জানান, তারা শুনেছেন নেত্রী রোববার মুক্তি পাচ্ছেন। এ কারণে তার ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ফুলও কিনতে বলা হয়েছে। তিনি নিজেও একগুচ্ছ রজনীগন্ধা কিনে এনেছেন।
রোববার আর হাসিনার মুক্তির সম্ভাবনা নেই ধরে নিয়ে সাড়ে ৭টার দিকে সুধাসদন এলাকা ছেড়ে যায় নেতাকর্মীরা।
নির্দেশনা পায়নি কারা কর্তৃপক্ষ
রাত পৌনে ১২টার দিকে উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার সিদ্দিকী সাংবাদিকদের জানান, শেখ হাসিনার মুক্তি বা চিকিৎসরা জন্য তার বিদেশ যাওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, "এ ধরনের কোনো নির্দেশনা আমরা পাইনি। শেখ হাসিনার জামিন বা তাকে মুক্তি দেওয়ার ব্যাপারে কোনো কাগজপত্রও হাতে আসেনি।"
তবে যে কোনো সময় যে কোনো বন্দির মুক্তির ব্যাপারে কোনো নির্দেশনা আসলে তা বাস্তবায়নের জন্য প্রত্যেক কারাগারেই প্রস্তুতি থাকে বলে জানান তিনি।
গভীর রাতে কারাগারে আসার কারণ জানতে চাইলে মেজর সিদ্দিকী বলেন, "আমি সন্ধ্যা থেকেই এখানে রয়েছি। প্রায় প্রতিদিনই আমাদের এখানে আসতে হয়। অন্যদিন আপনাদের সঙ্গে দেখা হয় না।"
হাসিনার পাসপোর্ট ফেরতের শুনানি হয়নি
এদিকে হাসিনার জব্দ করা তিনটি পাসপোর্ট ফেরত চেয়ে করা আবেদনের শুনানি রোববার ঢাকার মহানগর হাকিম আদালতে হওয়ার কথা থাকলেও হয়নি। আগামী ১২ জুন এর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন হাকিম আবদুল্লাহ আল মামুন।
আদালতে প্রসিকিউশন পুলিশের উপ-পরিদর্শক মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসিনার মূল আইনজীবী উপস্থিত না থাকায় সহযোগী আইনজীবীরা আদালতে সময় চাইলে হাকিম ১২ জুন শুনানির তারিখ ধার্য করেন।"
হাসিনার আইনজীবী সাহারা খাতুন ও কামরুল ইসলাম নাইকো মামলায় সংসদ ভবনের আদালতে ব্যস্ত থাকায় মহানগর হাকিম আদালতে থাকতে পারেননি বলে সহযোগী আইনজীবীরা জানিয়েছেন।
গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর পুলিশ অন্য জিনিসের সঙ্গে হাসিনার তিনটি পাসপোর্টও জব্দ করে। চলতি বছরের ৬ মার্চ শেখ হাসিনা জব্দ করা মালামাল ফেরত চেয়ে আদালতে আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউএম/পিসি/এএনএস/জিএমএ/জেকে/এমএইচবি/০১১০ ঘ.
bdnews24