২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইনাস ফর্মূলার দিন শেষ: আশরাফুল ইসলাম

সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে রাজনীতি থেকে বাদ দেওয়া সম্ভব নয় বলে মনে করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, "মাইনাস থিউরির দিন শেষ।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 05:03 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে রাজনীতি থেকে বাদ দেওয়া সম্ভব নয় বলে মনে করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, "মাইনাস থিউরির দিন শেষ।" ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর আশরাফুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন। শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবি করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আমরা আশাকরি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আমাদের নেত্রীকে অবিলম্বে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলেই আমরা বিশ্বাস করি। এর মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন।" শেখ হাসিনাকে 'নিঃশর্ত মুক্তি' দিয়েই বিদেশে পাঠাতে হবে বলে মন্তব্য করেন তিনি। আশরাফ আরো বলেন, "নেত্রীর নেতৃত্বেই আমরা নির্বাচনে যাবো। তার নেতৃত্বেই আওয়ামী লীগ সরকার গঠন করবে এবং তিনিই প্রধানমন্ত্রী হবেন বলে আমরা কামনা করি।" তিনি এসময় জানান, শেখ হাসিনার প্যারোলে মুক্তি বা বিদেশে চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সুপারিশের বিষয়ে কেউই তাদের সঙ্গে যোগাযোগ করেননি। তারা পত্রিকা দেখে এটা জানতে পেরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১০৫৫ঘ.