২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্য নিয়ে অনৈক্যের ঘোলাজলে বিএনপি ও আ.লীগ

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া তাতে উল্টো ফল ফলছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। দুই দলের শীর্ষ নেতারাই 'ঐক্যে' প্রসঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার বলেছেন,''আমরা '৯০ এর পুনরাবৃত্তি চাই না। আমরা আন্দোলন করব, রক্ত দেব আর খালেদা জিয়া ক্ষমতায় যাবেন এবার তা হতে দেওয়া হবে না।'' অপরদিকে খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ ধরনের বক্তব্যকে 'হঠকারী' মন্তব্য করে বলেছেন, "যারা ঐক্য চায় না, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া তাতে উল্টো ফল ফলছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। দুই দলের শীর্ষ নেতারাই 'ঐক্যে' প্রসঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার বলেছেন,''আমরা '৯০ এর পুনরাবৃত্তি চাই না। আমরা আন্দোলন করব, রক্ত দেব আর খালেদা জিয়া ক্ষমতায় যাবেন এবার তা হতে দেওয়া হবে না।'' অপরদিকে খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ ধরনের বক্তব্যকে 'হঠকারী' মন্তব্য করে বলেছেন, "যারা ঐক্য চায় না, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।'' গত রোববার নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া বিশেষ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দেশের সংকট উত্তরণে দ্রুত নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর ঐক্য চান। এ বক্তব্যের পরদিনই আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের কাছে বিএনপিকে ইংগিত করে সৈয়দ আশরাফুল বলেন, ''যারা ওয়ান ইলেভেনের জন্য দায়ী তাদের সঙ্গে কোনো রকম ঐক্য হতে পারে না।'' মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সোমবারের বক্তব্যে সমালোচনা করেন দেলোয়ার। তিনি বলেন, ''৭১ সালে জনগণের ঐক্যের কারণেই দেশের স্বাধীনতা নিশ্চিত হয়েছিল। যুক্তফ্রন্ট প্রমাণ করে ঐক্য প্রয়োজন। আমাদের চেয়ারপারসন যে ঐক্যের কথা বলেছেন, তা জনগণের কথা। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেভাবে তার জবাব দিয়েছেন তাতে মনে হচ্ছে, এটা কোনো বুদ্ধিমানসুলভ কাজ হয়নি।'' তিনি আরও বলেন, ''৮৬ সালে বিএনপি বির্তকিত নির্বাচনে যায়নি, আওয়ামী লীগ গিয়েছিল। দেশের মানুষ তা মেনে নেয়নি।'' মঙ্গলবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল যুবলীগের বর্ধিত সভায় ''আমরা '৯০ এর পুনরাবৃত্তি চাই না... এবার তা হতে দেওয়া হবে না" এ মন্তব্য করেন। এরপর তিনি নেতাদের উদ্দেশে বলেন, "আপনারা স্বাধীন সংগঠন। আপনারা আওয়ামী লীগের লেজুড় বা অঙ্গসংগঠনও নন। আপনারা আওয়ামী লীগের সহযোগী সংগঠন। অতীতে আওয়ামী লীগের নেতাদের চাপে কোথাও কোথাও আপনাদের কমিটি করতে হয়েছে। সেখানে আপনারা ঠিকমতো কাজ করতে পারছেন না। আমি কথা দিচ্ছি - এখন থেকে আর তা হবে না। কোনো রকম বাধা আসলে আমাদের জানাবেন।" গণগ্রেপ্তারের তীব্র সমালোচনা করে অবিলম্বে তা বন্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন, "নির্বাচন করাই তত্ত্বাবধায়ক সরকারের কাজ। এ ধরনের গ্রেপ্তারের ঘটনায় নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না।" তবে জাসাসের সভায় খোন্দকার দেলোয়ার সংকট উত্তরণে খালেদা জিয়ার পাশাপাশি শেখ হাসিনারও মুক্তি দাবি করে বলেন, ''অর্থবহ সংলাপ করতে হলে দুই নেত্রীকে মুক্তি দিতে হবে। দমনপীড়ন করে সমস্যার সমাধান হবে না। ইতিহাস থেকে শিক্ষা নিন।'' আলোচনা সভায় চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ বলেন, ''কিছু কিছু লোক তারেক রহমানের নাম ভাঙিয়ে হাওয়া ভবনের রাজনীতিকে কলঙ্কিত করেছে। এখন ন্যামভবনের কথা শুনছি। এব্যাপারে মহাসচিবকে তোষামদকারী থেকে সর্তক থাকার অনুরোধ জানাব।'' সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে এতে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, রেজাবুদ্দৌলা চৌধুরী, অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, শিরিন সুলতানা, খাইরুল কবীর খোকন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমএইচবি/২০৫১ ঘ.