ঢাকা, জুন, ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নির্ধারিত সময়ে বিচার শেষ না করায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলার বিচার চলার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি মোঃ আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়।
একইসঙ্গে আদালত নির্ধারিত ৬০ দিনের মধ্যে বিচার শেষ না করার বৈধতা নিয়ে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর দুইটি, সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুর পাঁচটি ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহম মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের দায়ের করা একটি রিটও খারিজ করে দিয়েছে।
রায়ে আদালত বলেছে, আইনে নির্ধারিত ৬০ দিনের মধ্যে বিচার শেষ না করতে পারলে বিচারিক আদালত আর ওই মামলার বিচার করতে পারবে না এই যুক্তি গ্রহণযোগ্য নয়। ৬০ দিনের সময়সীমার মধ্যে বিচার শেষ করার বিধানটি নির্দেশনামূলক, বাধ্যতামূলক নয়। কারণ এই সময়সীমার মধ্যে বিচার কাজ শেষ না হলে তার পরিণতি কী হবে আইনে তার কোন বিধান নেই।
শেখ হাসিনার প্রধান কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক রায়ের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার মামলায় আপিল করা হবে কিনা জানিনা। তবে অপর রিটগুলোর রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আপিল দায়ের করব।"
শেখ হাসিনার অপর কৌসুলি ব্যারিস্টার ফজলে নূর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের এই রায়ের ফলে শেখ হাসিনার বিরুদ্ধে নিম্ন আদালতে বার্জ মাউন্টেড মামলার কার্যক্রম যেরকম চলছিল সেরকমই চলবে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা রায়ের অনুলিপি পাওয়ার পরই ঠিক করা হবে।"
এ মামলাগুলোতে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আজিজ খান ও খুরশীদ আলম খান রায়ের পর সাংবাদিকদের বলেন, "নির্ধারিত সময়ে বিচার কাজ শেষ না হলে রাষ্ট্রপক্ষ তার জবাবদিহি করতে পারে। কিন্তু মামলার কার্যক্রম আর বিচারিক আদালত চালাতে পারবে না, এটা হতে পারে না।"
গত ১১ মে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলার বিচার কার্যক্রম চলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১২ মে রুলনিশি জারি করেছিল। নির্ধারিত ৬০ দিনের মধ্যে বিচার শেষ না করায় এ মামলার বিচার চলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকার, দুর্নীতি দমন কমিশন ও ঢাকার ১ নং বিশেষ জজ আদালতকে তার কারণ দর্শাতে বলা হয়েছিল।
২৮ মে এ মামলার বিচার চলার বৈধতা চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ সভানেত্রীর দায়ের করা রিটসহ অপর রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানি গ্রহণ শেষ করেছিল হাইকোর্ট।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারী খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গতবছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৯০৯ঘ.
bdnews24