ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় নয় মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বললেন তার মনোনীত মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন। আদালতের অনুমতি নিয়ে রোববার দুপুরে বিশেষ আদালতের একটি কক্ষে তারা প্রায় ২০ মিনিট একান্তে কথা বলেন।
কি কথা হয়েছে জানতে চাইলে খোন্দকার দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা নিয়ে কথা হয়েছে।"
তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়া সাংগঠনিক বিষয়েও খোন্দকার দেলোয়ারকে দিকনির্দেশনা দিয়েছেন।
নেতারা জানান, গত বছর ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম তার সঙ্গে খোন্দকার দেলোয়ারের দেখা হলো। দুপুর ১২টা ৪৫ থেকে ১টা ৫ পর্যন্ত কথা বলেন তারা।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, আইনজীবী সানাউল্লাহ মিয়া, নওশাদ জমির, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদও চেয়ারপরসনের সঙ্গে কথা বলেন।
এর আগে সকালে সংসদ ভবনের বিশেষ আদালত-৯ এ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলাকালে খোন্দকার দেলোয়ার আদালতকে বলেন, "আমি নেত্রীর সঙ্গে দেখা করার জন্য দুই বার কারা কর্তৃপক্ষের অনুমতি চেয়েছি। কিন্তু কোনো সাড়া পাইনি।"
এরপর খালেদা জিয়া আইনজীবীদের সঙ্গে কিছু সময় কথা বলার অনুমতি চাইলে বিচারক খোন্দকার কামাল উজ্জামান অনুমতি দেন। এর ভিত্তিতেই খোন্দকার দেলোয়ারসহ আইনজীবীরা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে খালেদা জিয়া বিএনপির মহাসচিব পদ থেকে 'বিদ্রোহী' আবদুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে স্থায়ী কমিটির সদস্য খোন্দকার দেলোয়ার হোসেনকে নিয়োগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসকে/১৭৩৩ঘ.
bdnews24