ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের 'পাতানো সংলাপে' বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শুক্রবার বিকালে এক দলীয় আলোচনা সভায় তিনি বলেন, "পাতানো সংলাপ ও কারো ছকে বাঁধা নির্বাচনে বিএনপি অংশ নেবে না। অন্য কেউ পাতানো সংলাপে অংশ নিলে ভুল করবে।"
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি খোন্দকার দেলোয়ার প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জীবন ও কর্মের ওপর আলোচনা করেন।
বিএনপির বিরুদ্ধে 'পরিকল্পিত ষড়যন্ত্র' চলছে মন্তব্য করে দেলোয়ার বলেন, "একে রুখতে হবে। দলীয় নেতা-কর্মীদের সংগঠিত হতে হবে।"
তিনি অভিযোগ করেন, "একদিকে সরকার সংলাপ করছে। অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতিবিদদের জেলে নেওয়া হচ্ছে। এ থেকেই বোঝা যায়, তারা পরিকল্পিত ষড়যন্ত্রের নীল নকশা নিয়ে কাজ করছে।"
নির্বাচন কমিশনের কার্যক্রমের সমালোচনা করে দেলোয়ার বলেন, "তারা বিতর্কিত হয়ে গেছেন। কমিশন পাতানো নির্বাচন করার পায়তারা করছে।"
খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতার মুক্তির দাবিতে প্রয়োজনে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে জানিয়ে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ বলেন, "প্রহসনের কোনো সংলাপে বিএনপি অংশ নেবে না। সংলাপ করতে হলে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।"
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, অধ্যাপক আবদুল মান্নান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, মহিলা দলের শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাবউদ্দিন, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক শফিউল বারী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএম/জেকে/এসকে/২০২৭ঘ.
bdnews24