ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মে মাসের মধ্যে দলের দুই অংশ ঐক্যবদ্ধ হবে- মাসের শুরুতে এমন ঘোষণা থাকলেও শুক্রবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলাদাভাবেই কর্মসূচি পালন করেছে বিএনপির দুই অংশ।
খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সকালে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দেন। আর ১৫ জন সাবেক সাংসদসহ শ খানেক কর্মী সঙ্গী করে দলের স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ জিয়ার সমাধি প্রাঙ্গণে যান বিকালে।
হাফিজউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, তিনি ঐক্যবদ্ধভাবেই কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। কিন্তু অপেক্ষায় থেকেও অপর অংশের সাড়া না পেয়ে আলাদাভাবে ফুল দিয়েছেন।
ঐক্যের বিষয়ে খোন্দকার দেলোয়ার কিছু না বললেও ওই অংশের নেতা আসম হান্নান শাহ বলেছেন, "বিএনপি ঐক্যবদ্ধভাবেই আগামী নির্বাচনে দল অংশ নেবে।"
বিকাল সোয়া ৪টার দিকে পুলিশি নিরাপত্তার মধ্যে জিয়ার সমাধি প্রাঙ্গণে আসেন হাফিজউদ্দিন আহমেদ। কবরে ফুল দিয়ে ফাতেহা পাঠ করেন তিনি ও তার অনুসারীরা। হাফিজউদ্দিন নিজেই পরিচালনা করেন মোনাজাত।
এরপর তিনি সাংবাদিকদের বলেন, "আমরা সম্মানজনক ঐক্য চাই। আমার কোনও পদ ও পদবীর প্রয়োজন নেই। দলের একজন সদস্য হিসেবেই কাজ করতে চাই।"
ঐক্যের বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত এ বিএনপি নেতা বলেন, "আমাদের ইচ্ছা ছিল, আজ ঐক্যবদ্ধভাবে নেতার প্রতি শ্রদ্ধা জানাবো। তাই সকাল থেকেই অপেক্ষায় ছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অপর পক্ষ থেকে কোনও সাড়া পাইনি। তাই বিকালে এসেছি।"
তবে এসব কিছুর পরও বিএনপি ঐক্যবদ্ধ হবে- এ আশা করে হাফিজউদ্দিন বলেন, "বিএনপি ঐক্যবদ্ধ হবেই। কোনও ব্যক্তি বিশেষের কারণে দলের ঐক্য আটকে থাকতে পারে না।"
তিনি অভিযোগ করেন, "বিভিন্ন জেলায় আমাদের নেতা ও সাবেক সাংসদদের দল থেকে বহিষ্কার করার খবর আসছে, যা অগঠণতান্ত্রিক। কারণ চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া আর কারোরই কাউকে বহিষ্কার করার ক্ষমতা নেই।"
হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান, সাবেক সাংসদ শাহ আবুল হোসাইন, আব্দুল আলীম, মোজাহার হোসেন, নাজির হোসেন, নাসিরুল হক সাবু, এস এ সুলতান টিটু, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জহির উদ্দিন স্বপন, আবদুল খালেক চন্টু, ডা. জিয়াউল হক মোল্লা, শাহরিয়ার আখতার বুলু, কেন্দ্রীয় নেতা আলী আক্কাস নাদিম, ফিরোজ আলম, ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার নবীউল্লাহ নবী প্রমুখ।
এদিকে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সকাল ১০ টার দিকে জিয়ার সমাধি প্রাঙ্গণে আসেন খোন্দকার দেলোয়ার হোসেন। তারা কবরে ফুল দেন এবং ফাতেহা পাঠ করেন।
ওই সময় খোন্দকার দেলোয়ারের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ, সহসভাপতি অধ্যাপক সারোয়ারী রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক অধ্যাপক আবদুল মান্নান, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, মো. শাহজাহান, শাহ নূরুল কবির শাহিন, সেলিম রেজা হাবিব, আব্দুল মোমিন তালুকদার, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, রেহানা আক্তার রানু, ফাহিমা হোসাইন জুবলি, সাবেক ছাত্রদল নেতা হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।
এরপর পরে পর্যায়ক্রমে ফুল দেয় ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল, জাসাস, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।
ফুল দেওয়ার পর হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "বিএনপি খণ্ডিত নয়, ঐক্যবদ্ধভাবেই আগামী নির্বাচনে অংশ নেবে। জনগণের রায় নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় যাবে।"
তিনি আরও বলেন, "বিএনপির নেতা-কর্মীরা রাষ্ট্রপতি জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।"
সমাধি প্রাঙ্গণে জিয়া পরিষদের উদ্যোগে মাসব্যাপী কোরআনখানির শেষ দিনে বিশেষ মোনাজাতেও অংশ নেন খোন্দকার দেলোয়ার।
রিজভী আহমেদ জানান, দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারাদেশে স্থানীয় নেতাদের উদ্যোগে মসজিদে মিলাদ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমআই/জিএনএ/১৭৪৩ ঘ.
bdnews24