২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ 'খেলা' বন্ধ করে নেত্রীদের মুক্তি দিন: দেলোয়ার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপকে 'খেলা' আখ্যায়িত করে তা বন্ধ করার দাবি জানিয়েছেন খালেদা জিয়া মনোনিত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপকে 'খেলা' আখ্যায়িত করে তা বন্ধ করার দাবি জানিয়েছেন খালেদা জিয়া মনোনিত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুরে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় সরকারকে উদ্দেশ্য করে দেলোয়ার বলেন, "সংলাপ সংলাপ খেলা বন্ধ করে শিগগির নেত্রীদের মুক্তি দিন। এখনো সময় আছে, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। তা না হলে জনগণ ঐক্যবদ্ধ হবে। তখন কী হবে জানি না।" তিনি বলেন, "আপনাদের সঙ্গে কেন সংলাপ করব? আপনারা কার প্রতিনিধি।" বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'পল্টন যুব কল্যাণ পরিষদ' এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "বর্তমান সঙ্কট উত্তরণে জাতীয়তাবাদী শক্তির ঐক্য প্রয়োজন। আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। নেত্রীদের মুক্তি ছাড়া সংলাপ ও নির্বাচন সফল হবে না।" উপজেলা নির্বাচনের জন্য সরকারি উদ্যোগে প্রার্থী খোঁজা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, "গ্রামে-গঞ্জে তারা (সরকার) সৎ প্রার্থী খুঁজে বেড়াচ্ছেন। গ্রামে কারো গরু হারিয়ে গেলে যেমন গরু খোঁজা হয়, তেমন অবস্থা হয়েছে এদেরও। কিন্তু গণরোষে পড়লে এইসব উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের কী পরিণতি হবে তা এখন বলা কঠিন।" সরকারকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দেলোয়ার বলেন, "বর্তমান সরকারের একমাত্র কাজ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা এবং নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এ জন্য সংবিধানে ৯০ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।'' বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, সুবিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি ও কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগ এনে তিনি বলেন, "এ সরকারের দেশ পরিচালনার কোনো বৈধতা নেই।" সরকারের দুর্নীতি বিরোধী অভিযানেরও সমালোচনা করেন খোন্দকার দেলোয়ার। তিনি বলেন, "এটা দুর্নীতি বিরোধী নয়, রাজনীতিবিদদের উৎখাত করার অভিযান।" ২০০৭ সালের ১১ জানুয়ারির পট পরিবর্তন 'গণতন্ত্র ধ্বংস করার' পরিকল্পিত ষড়যন্ত্র ছিল বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, "নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে খালেদা জিয়া, শেখ হাসিনা ও মতিউর রহমান নিজামীকে মুক্তি দিতে হবে। তাদের ছাড়া 'সংলাপ নাটক' করে কোনো লাভ হবে না।" পল্টন যুব কল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব অ্যাডভোকেট আহমেদ আবদুল কাদের, দেলোয়ারপন্থী বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, হাবিবউন নবী খান সোহেল, জামায়াতের মহানগর নেতা রফিকুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/জিএনএ/১৬১২ ঘ.