২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোবায়দার দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ আপিল বিভাগে বহাল

তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগ বহাল রেখেছে। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিলের আবেদনের ওপর শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 10:34 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগ বহাল রেখেছে। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিলের আবেদনের ওপর শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। একই সঙ্গে মামলাটি বাতিলের জন্য জোবায়দার করা আবেদনের ওপর হাইকোর্টে শুনানির পদক্ষেপ নিতে উভয়পক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৮ এপ্রিল তার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে দেয়। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে কমিশনের করা আপিলের আবেদনের শুনানিতে কমিশনের আইনজীবী আনিসুল হক বুধবার আদালতে বলেন, "ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার ব্যাপারে তারেককে সহায়তা করার অভিযোগ রয়েছে জোবায়দার বিরুদ্ধে। এটি নিু আদালতের বিচারের বিষয়। তাছাড়া জোবায়দা পলাতক। হাইকোর্ট এ পর্যায়ে মামলা বাতিলের আবেদন গ্রহণ করতে পারে না।" জোবায়দার আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ বলেন, "জোবায়দার বিরুদ্ধে অবৈধভাবে ৩৫ লাখ টাকার মালিক হওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। ওই টাকা তিনি তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর কাছ থেকে পেয়েছেন। ২০০৬ সালে ইকবাল মান্দ বানুর আয়কর রিটার্নে ওই টাকার হিসাব দেয়া হয়েছে। তাই ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার ব্যাপারে তারেককে সহায়তা করার অভিযোগ সঠিক নয়।" মাহবুবউদ্দিন বলেন, "জোবায়দা হাইকোর্টে হাজির হয়ে মামলা বাতিলের আবেদন করেছেন। সুতরাং তিনি পলাতকও নন।" এদিকে তারেক রহমানের বিরুদ্ধে একই মামলার কার্যক্রম স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কমিশনের আপিল আবেদনের ওপর শুনানি আগামী ৪ জুন পর্যন্ত মুলতুবি করেছে আপিল বিভাগ। তারেকের আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ বুধবার শুনানির জন্য সময় চেয়ে আবেদন করলে আপিল বিভাগ এই আদেশ দেয়। তারেক রহমানের আবেদনের পরিপেক্ষিতে হাইকোর্ট গতবছর ১ অক্টোবর তার বিরুদ্ধে এ মামলাল কার্যক্রম স্থগিত করে দেয়। ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গতবছর ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় এ মামলা দায়ের করে। এ ব্যাপারে তারেককে সহায়তার অভিযোগে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকেও মামলার আসামি করা হয়। কমিশন গত ৩১ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৬২৫ ঘ.