ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় প্রধান শেখ হাসিনাকে ছাড়া সরকারের সঙ্গে সংলাপে বসবে না আওয়ামী লীগ। আর এ সিদ্ধান্ত দুই-এক দিনের মধ্যেই চিঠি দিয়ে প্রধান উপদেষ্টাকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এ সিদ্ধান্তের পাশাপাশি শেখ হাসিনার মুক্তি দাবিতে আগামী ৭ থেকে ৩০ জুন ঢাকা মহানগরী ছাড়া সারাদেশে গণস্বাক্ষর কর্মসূচিও ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ঢাকা মহানগর আওয়ামী লীগ ঘোষিত বিশেষ কারাগারের চারপাশে মানববন্ধন কর্মসূচিতেও সমর্থন জানানো হয় বলে সৈয়দ আশরাফুল জানিয়েছেন।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে ছাড়া কোনও সংলাপে আওয়ামী লীগ অংশ নেবে না। আমাদের এই সিদ্ধান্ত লিখিত আকারে ২/১ দিনের মধ্যেই প্রধান উপদেষ্টাকে জানিয়ে দেওয়া হবে।"
তিনি বলেন, "হাসিনাকে নিঃশর্ত মুক্তি দিলে তার নেতৃত্বে দলের কার্যানির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগ সংলাপে যাবে, নাকি যাবে না।"
হাসিনার প্যারোলে মুক্তির বিষয়টি নাকচ করে দিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আমরা মুক্ত মানুষ হিসেবেই হাসিনাকে নিয়ে সংলাপে যেতে চাই।"
আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপের কথা বলা হলেও এখন সংলাপ বর্জনের এ সিদ্ধান্ত কেন- সাংবাদিকদের এ প্রশ্নে আশরাফুল ইসলাম বলেন, "আমরা নেত্রীকে নিয়েই সংলাপে যেতে চেয়েছিলাম। আমরা শেখ হাসিনার মুক্তির জন্য প্রধান উপদেষ্টকে চিঠি দিয়েছি। প্রাক সংলাপেও আমরা নেত্রীর নিঃশর্ত মুক্তির কথা বলেছি। শেখ হাসিনার মুক্তির জন্য গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। দেশব্যাপী গণঅনশন হয়েছে। দেশবাসী ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা চাওয়া, শেখ হাসিনার নেতৃত্বেই সংলাপে যেতে হবে।"
মামলার বিচারধীন অবস্থায় শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবি কতটা যৌক্তিক- জানতে চাওয়া হলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আমরা এ বিচার কার্যক্রমকেই স্বীকার করি না। মিথ্যা মামলা দায়ের করে বানোয়াট আদালতে শেখ হাসিনার বিচার হচ্ছে।"
কারাবন্দি শেখ হাসিনার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "তার অবস্থা করুণ। তার কানের সমস্যা রয়েছে এবং তার চোখও বিপন্ন।"
আওয়ামী লীগ সবার আগে জাতীয় নির্বাচন চায় বলেও আশরাফুল জানান। শেখ হাসিনার মুক্তির দাবিতে কার্যনির্বাহী সংসদে নেওয়া বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন তিনি।
আশরাফুল ইসলাম জানান, আগামী ৭ জুন থেকে ঢাকা মহানগরী ছাড়া দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান শুরু হবে। এই কর্মসূচি ৩০ জুন পর্যন্ত চলবে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থা চাঙ্গা করতে আগামী ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জেলা ও উপজেলা পর্যায়ে সফরে যাবেন এবং তাদের উপস্থিতিতেই সে সব স্থানে বর্ধিত সভা হবে।
গত সোমবারের বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আগামী জুন মাসের প্রথম সপ্তাহে বিশেষ কারাগারের চারদিকে মানববন্ধনের যে কর্মসূচি ঘোষণা করেছেন দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সে কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে বলে আশরাফুল ইসলাম জানান।
সভায় আগামী ৭ জুন ছয় দফা দিবস পালনের কর্মসূচিও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে দিবস পালনে নির্দেশ দেওয়া হয়েছে বলে আশরাফুল ইসলাম জানান।
আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা গত সোমবার বর্ধিত সভায় সরকারের সঙ্গে কোনও ধরনের সংলাপে না গিয়ে দলীয় সভানেত্রীর মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি দাবি করেন। প্রায় ১২ ঘণ্টা স্থায়ী ওই বর্ধিত সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, তৃণমূল নেতাদের মতামত পর্যালোচনা করে মঙ্গলবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সংলাপ যাওয়া না যাওয়াসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। প্রায় চার ঘণ্টা চলার পর বৈঠকটি মুলতবি করা হয়। প্রথম দিনের বৈঠক শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর বলেন, "মুক্ত, স্বাধীন শেখ হাসিনাকে ছাড়া আমরা কোনোভাবেই সংলাপে যাবো না।"
বুধবার সকাল ১১ টায় কার্যনির্বাহী সংসদের মুলতবি সভা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমআই/১৫৪০ ঘ.
bdnews24