ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে বিচার কাজ শেষ না করায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি মঙ্গলবার হাইকোর্টে শুরু হয়েছে।
বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রিটটির ওপর শুনানি নিচ্ছে।
শুনানির প্রথম দিন শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "আইন অনুযায়ী ভাসমান বিদ্যুত কেন্দ্র মামলাটি আমলে নেওয়ার ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করার কথা। গত ১৩ জানুয়ারি মামলাটি বিচারের জন্য আমলে নেন বিশেষ আদালত। ১৩ মার্চ এ মামলার বিচার কাজ শেষ করার কথা।"
১৩ মার্চের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে বিশেষ আদালত ব্যর্থ হওয়ায় এ মামলার বিচার কাজ করার কোনও এখতিয়ার এখন ওই আদালতের নেই দাবি করে ব্যারিস্টার রফিক বলেন, "সুতরাং এ মামলার এখন আর বিচার কাজ চলতে পারে না। তারপরও এ মামলার কার্যক্রম চলা অবৈধ।"
ওই বক্তব্যের বিরোধিতা করে দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলী খুরশিদ আলম খান বলেন, "মামলা আমলে নেওয়ার ৬০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার বিধান নির্দেশনামূলক, বাধ্যতামূলক নয়। তাই নির্ধারিত ৬০ দিন পরও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলাটির বিচার কার্যক্রম চলতে আইনগত কোনও বাধা নেই।"
এ রিটের শুনানি বুধবারও চলবে।
ভাসমান বিদ্যুত কেন্দ্র মামলার বিচার কার্যক্রম চলার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ মে রুলনিশি জারি করেছিল হাইকোর্ট।
নির্ধারিত ৬০ দিনের মধ্যে বিচার শেষ না করায় এ মামলার বিচার চলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ দর্শাতে বলা হয়েছিল সরকার, দুর্নীতি দমন কমিশন ও ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতকে।
তবে হাইকোর্ট এ মামলাটির নিু আদালতের বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়নি। এ কারণে মামলাটিতে ২১ মে থেকে সংসদ ভবনের বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মঙ্গলবার এ মামলায় বাদির সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
গত ১১ মে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
গত বছরের ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মামলাটি বিচারের জন্য আমলে নেন সংসদ ভবনে অবস্থিত ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালত। ওই আদালতে গত ১৮ মে এ মামলায় হাসিনাসহ সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গত বছরের ১৬ জুলাই আটক করে যৌথবাহিনী। এ মামলায় তাকে ওই বছরের ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24