ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব দুর্নীতিবিরোধী অভিযানে আটক মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার ট্যাক্স পেয়ার সার্ভিস উইং এর উপ কর কমিশনার মো. নুরুল আমিন কারাগারে থাকা ফালুকে অভিযুক্ত করে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক মো. আজিজুল হক মামলাটি গ্রহণ করে বিএনপি-জামাত জোট সরকারের আমলে ব্যাপক প্রভাবশালী হিসেবে পরিচিত ফালুকে আগামি ২ জুন আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।
বাদি তার মামলার আরজিতে উল্লেখ করেন অভিযুক্ত ফালু ১৯৯৬ -১৯৯৭ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত গৃহ সম্পত্তির আয়, ব্যাংক সুদ, ব্যাংক স্থিতি এবং 'খালেদা জিয়া বৃদ্ধাশ্রম' ও সৌখিন বাগান বাড়ি নির্মাণ, স্থাপনে বিনিয়োগ, ব্যয়কৃত অর্থ সংশ্লিষ্ট করবর্ষের দাখিলকৃত রিটার্ন ও সম্পদ বিবরণীতে দেখাননি।
এছাড়া তিনি মোট ১১ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৫১৭ টাকার আয় গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন বলে আরজিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯২৩ঘ.
bdnews24