২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় বাদিকে জেরা শেষ

শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় বাদিকে জেরা মঙ্গলবার শেষ হয়েছে। গত ২১ মে তার জেরা শুরু হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় বাদিকে জেরা মঙ্গলবার শেষ হয়েছে। গত ২১ মে তার জেরা শুরু হয়েছিল। আগামী বৃহস্পতিবার এ মামলার এজাহার গ্রহণকারী পুলিশ কর্মকর্তাসহ তিন জনের সাক্ষ্য নেওয়া হবে। মঙ্গলবার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে এ মামলার অন্য আসামি তৌফিক-ই এলাহী চৌধুরীর পক্ষে মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শাব্বির হাসানকে জেরা করা হয়। এর আগে সকাল সোয়া ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে আসামি পক্ষের আইনজীবী কাজী সাজোয়ার হোসেনের প্রতি সোমবার বিচারকের এক মন্তব্যেকে কেন্দ্র করে এজলাস কিছুটা উত্তপ্ত হয়ে উঠে। সোমবার বিচাকর জেরার এক পর্যায়ে সাজোয়ার হোসেনকে বলেছিলেন, "আপনি কী প্রশ্ন করছেন, তা আমি বুঝতে পারছি না। আপনি পড়াশুনা করে এসে বাদিকে জেরা করবেন।" মঙ্গলবার সকালে সাজোয়ার হোসেন বিষয়টিতে ফিরোজ আলমের দৃষ্টি আর্কষণ করে বলেন,"আপনি কাল যেভাবে আমাকে বলেছেন তাতে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি।" আইনজীবীর এ কথায় বিচারক বলেন, "আপনি কোর্টের ওর্ডারকে চ্যালেঞ্জ করছেন। এভাবে কথা বলবেন না। আমার ২৯ বছরের বিচারক জীবনে এই কথা শুনিনি। আপনি জানেন, এই কথার জন্য আমি আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। আপনাকে কাস্টডিতেও পাঠাতে পারি।" বিচারক আরও বলেন, "আপনি কোর্টকে জিজ্ঞাসা করতে পারেন না, কেন আমি এই কথা বলেছি। যদি আমার কোনও সিদ্ধান্তে সংক্ষুব্ধ হন, তাহলে উচ্চ আদালতে যেতে পারেন। এটা আদালত, ভাবাবেগের স্থান এখানে নেই। আমি-আপনি কাল হয়তো এখানে থাকবো না। কিন্তু এটা প্রতিষ্ঠান। এর বিরুদ্ধে কোনও কথা বলবেন না।" এ পর্যায়ে অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, "যদি ভুল হয়ে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।" তখন বিচারক বলেন, "এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে। তার সম্মানকে রক্ষার জন্য হলেও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই দায়িত্ব আদালতের একার নয়।" এভাবে ১৫ মিনিট চলার পর আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এরপর সাজোয়ার হোসেন বাদিকে জেরা করেন। প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ একটি প্রতিষ্ঠানকে দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি করে। মামলার অন্য আসামিরা হলেন- সাবেক জ্বালানি ও বিদ্যুৎ সচিব তৌফিক-ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি টাকা ঘুষ নেন। এতে আরও অভিযোগ করা হয়, নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিম্ন দরদাতা হলেও তাদের না দিয়ে আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে এই প্রকল্পের কাজ দেওয়া হয় । গত ১৮ মে এ মামলায় সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/আরএ/জিএনএ/এমআই/১৯২০ ঘ.