ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে মিথ্যা তথ্য দেওয়াসহ অবৈধ উপায়ে সম্পদ হস্তান্তরের জন্য আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিবিরোধী অভিযানে আটক আবদুল জলিল কিছুদিন ধরে প্যারোলে মুক্তির সুবাদে সিঙ্গাপুরে চিকিৎসাধীন।
দুদকের উপসহকারী পরিচালক মো. এনামুল হক চৌধুরী মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। তিনিই বাদি হিসেবে গত বছরের ১৮ ডিসেম্বর রমনা থানায় মামলাটি দায়ের করেছিলেন।
মামলার এজাহার ও অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আব্দুল জলিল দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩৬ লাখ ৪ হাজার ২২৪ টাকার সম্পদের তথ্য গোপন করেন। তিনি জ্ঞাত আয় বহির্ভূতভাবে ৩৫ লাখ ৮ হাজার ৯৬০ টাকার সম্পদ অর্জন করেন।
এছাড়া আব্দুল জলিল ৫ কোটি ৩৯ হাজার ৭৫৫ টাকার সম্পদ অবৈধ পন্থায় হস্তান্তর, রূপান্তর ও অবস্থানের মাধ্যমে গোপন করেছেন বলে অভিযোগ করা হয়। জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত মামলাটিতে রাষ্ট্রপক্ষে ২৫ জনকে সাক্ষী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯০৮ঘ.
bdnews24