ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চে এ আবেদন করা হয়। সোমবার এর ওপর শুনানি হতে পারে।
বড় পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এ মামলা দায়ের করে।
সাবেক প্রধামন্ত্রী খালেদা জিয়া, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনসহ জোট সরকারের ১০ মন্ত্রী ও ৬ আমলাকে এ মামলার আসামি করা হয়।
মুজাহিদের পক্ষে জামিনের আবেদন আদালতে জমা দেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তিনিই এ আবেদনের ওপর শুনানিতে অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/১৯৪০ ঘ.
bdnews24