ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় বিচারক মো: ফিরোজ আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একতরফা সাজা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা।
শেখ হাসিনার আইনজীবী কামরুল ইসলাম রোববার দুপুরে সংসদ ভবনের বিশেষ জজ আদালতে মামলাটির কার্যক্রম শেষে বেরিয়ে সাংবাদিকদের বলেন, "বিচারক যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, তা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত এ মামলা আমরা পরিচালনা করতে পারব কি না তা বলা কঠিন।"
অ্যাডভোকেট কামরুল জানান, সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে 'নাইকো মামলা'র কার্যক্রমের তারিখ ধার্য রয়েছে। এজন্য একই দিনে ধার্য বিদ্যুত কেন্দ্র দুর্নীতি মামলার জেরার তারিখ পেছানোর অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু আদালত তাতে সাড়া দেয়নি।
তিনি বলেন, "এতে মনে হয় তিনি (বিচারক) শেখ হাসিনাকে যেন তেন উপায়ে সাজা দিতে ব্যস্ত।"
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় এদিন আসামী পক্ষের আইনজীবীরা তৃতীয় দিনের মতো বাদি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এম এম শাব্বির হাসানকে জেরা করেন।
প্রায় তিন ঘণ্টা জেরার পর বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম সোমবার মামলার পরবর্তী দিন ধার্য করেন। সেদিনও বাদিকে জেরা করা হবে।
হাসিনার অপর আইনজীবী সৈয়দ রেজাউর রহমান সাংবাদিকদের বলেন, "আজকের (রোববার) জেরায় বাদি এজাহারের বাইরেও অনেক কথা বলেছেন। তার কথার মধ্যে মিল নেই। বাদি অনেক প্রশ্নের জবাব না দিয়ে 'মনে নেই', 'স্মরণ নেই', 'জানা নেই', 'বিধি মোতাবেক করেছি,'- এই ধরনের কথা বলে এড়িয়ে গেছেন। শেখ হাসিনাকে হেয় করার জন্যই যে মামলাটি করা হয়েছে, তা জেরাতেই বেরিয়ে এসেছে।"
এদিকে বাদিকে জেরার পর আদালতের অনুমতি নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার আইনজীবীদের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেন।
হাসিনার সঙ্গে কথা বলে এসে অ্যাডভোকেট আব্দুল মান্নান খান সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা বলেছেন- আগামীকাল (সোমবার) দলের বর্ধিত সভায় নেতারাই সিদ্ধান্ত নেবেন, ভবিষ্যতে দলের রাজনীতি কী হবে। আওয়ামী লীগ ৬০ বছরের সংগঠন; এ দলের নেতারা বিভিন্ন পরীক্ষায় পরীক্ষিত। আমার বিশ্বাস, তারা সঠিক সিদ্ধান্তই নেবেন।"
প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ একটি প্রতিষ্ঠানকে দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি করে।
গত ১৮ মে এ মামলায় সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২১ মে থেকে।
শেখ হাসিনাকে গত বছরের ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন এলাকায় একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/জিএনএ/১৯১৯ ঘ.
bdnews24